
#মালবাজার: বোনাস ইস্যু নিয়ে ১২ ঘন্টা পাড়ার বন্ধের ডাক দিয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলার চাবাগানের শ্রমিকরা।শ্রমিকদের আবেদনে সারা দিয়ে এদিন কালিম্পং জেলার গরুবাথান ব্লকের সাপ্তাহিক হাট বন্ধ রাখা হয়। শ্রমিকদের বিক্ষোভে বন্ধ হয়ে যায় গরুবাথান থেকে কালিম্পং গামী সড়কপথ। এরফলে সিকিম ও কালিংপং গামী যানবাহন আটকে পড়ে।

জানাগেছে, কলকাতার বেঙ্গল চেম্বার অব কমার্স ভবনে গত ২২ সেপ্টেম্বর ডুয়ার্স, তরাই ও পাহাড়ের চাবাগানের শ্রমিকদের বোনাস নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ত্রিপাক্ষিক বৈঠকে ডুয়ার্সের চাবাগান গুলির জন্য সর্বোচ্চ ১৬% এবং পাহাড়ের চাবাগান গুলির জন্য সর্বোচ্চ ১৩% হারে বোনাস দেওয়ার চুক্তি স্মাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী বোনাসের কথা ঘোষিত হতেই ডুয়ার্সের বিভিন্ন চাবাগানে বিক্ষোভ শুরু হয়। এবার সেই বিক্ষোভ দেখা গেল পাহাড়ের কালিম্পং জেলার গরুবাথান ব্লকে। গতকালই দার্জিলিং ও কালিম্পং জেলার চা শ্রমিকরা ১২ ঘন্টার বন্ধের ডাক দেয়।

সোমবার সকাল থেকে গরুবাথান ব্লকের ৬ চা বাগানের শ্রমিকরা বোনাসের দাবীতে রাস্তায় নামে। গরুবাথান ব্লকের পান্ডারা মোর এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। শ্রমিকদের বক্তব্য, সারাবছর কাজ করে বোনাসের অপেক্ষায় থাকি ১৩% হারে বোনাসে কি হবে? জিনিসপত্রের দাম বাড়ছে আর আমাদের বোনাস কমছে। কিভাবে চলবে? আমাদের ২০% হারে বোনাস দিতে হবে।
শ্রমিকদের বিক্ষোভে পান্ডারা মোর এলাকায় আটকে পড়ে বহু গাড়ি। এদিন বন্ধ ছিল হাট বাজার।






