Explore

Search

July 12, 2026 12:16 am

IAS Coaching

সাফল্যের শিরোপা উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের, জিতলো স্কচ গোল্ড অ্যাওয়ার্ড

#উত্তর দিনাজপুর: সামাজিক প্রকল্পে কৃতিত্বের শিরোপা পেল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। মুকুটে যোগ হল এক নতুন পালক। ২০২৪ সালের সেরা জেলা প্রশাসন হিসাবে ‘স্কচ গোল্ড অ্যাওয়ার্ড’ জিতলো উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘সক্ষম প্রকল্প’ ছিনিয়ে আনলো এই পুরস্কার। ২১শে সেপ্টেম্বর ২০২৪, দিল্লির ‘ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টার’ এর সিলভার ওক হলে আয়োজিত ৯৯ তম স্কচ সামিটে এই পুরস্কার প্রদান করা হয়।

২০০৩ সাল থেকে এই স্কচ পুরস্কার প্রদান শুরু হয়। ভারতকে একটি উন্নত জাতিতে পরিণত করতে অগ্রণী ভূমিকা গ্রহণ করা ব্যক্তি, প্রকল্প এবং প্রতিষ্ঠানকে প্রতিবছর স্বীকৃতি দেয় স্কচ গ্রুপ । বিভিন্ন বিভাগ যেমন ডিজিটাল পরিষেবা, আর্থিক পরিষেবা এবং সামাজিক পরিষেবা, প্রশাসন , প্রযুক্তি , কর্পোরেট নেতৃত্ব, কর্পোরেট গভর্ন্যান্স, নাগরিক পরিষেবা সরবরাহ এবং ক্ষমতায়নের ক্ষেত্রে সর্বোত্তম প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া হয় এই পুরস্কারের মাধ্যমে।

উত্তর দিনাজপুরের জেলা প্রশাসন তাদের ‘সক্ষম উত্তর দিনাজপুর’ প্রকল্পের মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সাহায্যার্থে তথা তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয় অসংখ্য বিশেষ চাহিদা সম্পন্ন উপভোক্তা। জেলা প্রশাসনের পক্ষ থেকে শারীরিক প্রতিবন্ধকতা দূর করতে তাদের হাতে তুলে দেওয়া হয় একাধিক সহায়ক সরঞ্জাম। এবার এই বিশেষ কৃতিত্বকে স্বীকৃতি দিল স্কচ গ্রুপ। স্বভাবতই খুশি, জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এই প্রকল্পের পুরো টিমকেই।

১১৪৫৮ জন উপভোক্তা এই মুহূর্তে নিবন্ধীকৃত রয়েছেন ‘সক্ষম উত্তর দিনাজপুর ‘ প্রকল্পে। যাদের মধ্যে ৯৯৫৪ জন উপভোক্তা কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ সহ একাধিক সুযোগ-সুবিধা পেয়েছেন ইতিমধ্যেই। সেইসঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সচেতনতামূলক কর্মসূচি ও চালাচ্ছে এই প্রকল্প বলে জানান, জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা।

Advertisement
Live Cricket Score
upskillninja