
#মালবাজার: গত বছর ৪ অক্টোবর তিস্তার জলচ্ছাসে প্লাবিত হয়েছিল গ্রামটি। চলতি বছরে বারবার ছোবলে গ্রামের একটি অংশ উত্তরবঙ্গের মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে খরস্রোতা তিস্তা। এখনো বহু মানুষ আশ্রয়হীন অবস্থায় ত্রাণ শিবিরে আছেন। শুধু বাড়িঘর নয়, চাষাবাদের জমি এখন তিস্তার দখলে। তবুও জীবন যুদ্ধের সংগ্রাম চালিয়ে যাচ্ছে ডুয়ার্সের মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাঁও বস্তির বাসিন্দারা।

গ্রামবাসীদের এই সংগ্রামকে সহযোগিতা করতে টোটগাঁও প্রাথমিক বিদ্যালয়ে নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবিরের আয়োজন করলো মালবাজার শহরের স্বেচ্ছাসেবী সংগঠন স্নেহ ফাউন্ডেশন। রবিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। ডাক্তার ফাল্গুনী ভট্টাচার্য্য গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ লিখে দেন।

এই শিবির থেকে জ্বর, সর্দি, মাথা ব্যাথা, পেটের সমস্যা, চোখের এলার্জি, শরীরের ব্যাথার ওষুধ, শিশুদের ভিটামিন সিরাপ সহ আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম ও বিভিন্ন ধরনের ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। সেই সাথে চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ২ জনের হিমোগ্লোবিন পরীক্ষা এবং ৬ জনের সুগার টেস্ট করা হয়। সেই সাথে ডেঙ্গুর বিষয়ে সচেতন করা হয় গ্রামবাসীদের। এই শিবিরে স্নেহ ফাউন্ডেশন এর নির্দেশক অভিষেক ঘোষ, যুগ্ম নির্দেশক সুমন চৌধুরী , সদস্যা শ্রেয়সী দে, সোনালী সিঙ্ঘল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের কর্ণধার অভিষেক বাবু জানান, টোটগাঁও -এর অবস্থা আশঙ্কাজনক দেখেই এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পরিকল্পনা করা হয়, এবং সেই পরিকল্পনা যথার্থ সফল হয়েছে। এলাকার পঞ্চায়েত সদস্য অনুপ শর্মা স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।






