
#মালবাজার: ডুয়ার্সের মাল ব্লকের বিভিন্ন জায়গায় ডেঙ্গু সংক্রামণ ধরা পড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও স্বাস্থ্য দপ্তরের দাবী পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে স্বাস্থ্য কর্মীরা ডেঙ্গু মোকাবিলায় তৎপরতার সঙ্গে কাজ করছেন। জানাগেছে, ডুয়ার্সের প্রবেশ মুখ বলে পরিচিত বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের ওয়াশাবাড়ি চাবাগানে গত একমাসে কয়েকজন ডেঙ্গু সংক্রামিত রোগী ধরা পড়ে।

ওই চাবাগানের চার্চ লাইন শ্রমিক মহল্লায় এই সংক্রমণ ধরা পড়তেই স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়। স্বাস্থ্য কর্মী ও আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষদের সচেতন করতে শুরু করেন। পাশাপাশি মশা মারতে শুরু হয় ফগিং। বুধবার দেখা গেল চাবাগানের ম্যানেজার রাজ কুমার মণ্ডল শ্রমিক মহল্লার বাড়ি বাড়ি গিয়ে রাতে মশারি টাঙ্গিয়ে ঘুমানোর পরমর্শ দেন। পাশাপাশি সর্দি-জ্বর হলে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু ছেত্রী জানান, স্বাস্থ্য কর্মীদের সাথে মিলে ফগিং করা সহ মানুষদের সচেতনতা করা চলছে।
মাল ব্লক স্বাস্থ্য আধিকারিক দীপঙ্কর কর জানান, ওয়াশাবাড়ি চাবাগানে ১৪ জনের শরীরে সংক্রমণ দেখা গিয়েছিল। ইতিমধ্যেই ৮ জন সুস্থ হয়ে উঠেছেন। ৬ জনের চিকিৎসা চলছে। স্বাস্থ্য কর্মীরা কাজ করছেন। অপর দিকে জানাগেছে, ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩ জনের ডেঙ্গু সংক্রামণ ধরা পড়েছে।স্বাস্থ্য দপ্তর সুত্রে জানাগেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।







