
#ইসলামপুর: অশান্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। এবার রাতের অন্ধকারে একটি পিকআপ গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ডোঙ্গরাগছ গ্রামে। স্থানীয় বাসিন্দা মহঃ হাইয়ুল এর পিক আপ গাড়িতে আগুন লাগানো হয়।

জানা গেছে, আনুমানিক রাত একটার সময় কে বা কারা ওই গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ডংগ্রাগছ গ্রাম এলাকায়। গাড়ির মালিক মহঃ হাইয়ুল জানান, এতে প্রায় দুই লক্ষেরও বেশি টাকার ক্ষতি হয়। সম্পূর্ণ ব্যাপারটি চোপড়া থানার দাসপাড়া পুলিশ পোস্টের পুলিশ কে জানানো হয়।

তবে রাতেই বিশাল পুলিশ ঘটনা স্থলে পৌঁছায়। এবং পুলিশ ও স্থানীয় দের মদতে গাড়িটির আগুন নেভানো হয় বলে জানান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আয়েশা খাতুনের প্রতিনিধি জাহিদুল ইসলাম।







