
#ইসলামপুর: মঙ্গলবার ইসলামপুরের সাংবাদিক বৈঠক করেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা। তিনি বলেন, গতকাল ইসলামপুর থানার কাছে ইনফরমেশন ছিল, কিছু মাদক পদার্থ নিয়ে কেউ যাচ্ছে বলে। সে কারণে ইসলামপুর থানার অন্তর্গত অলিগঞ্জে একটা রেইড হয়। রেইড করে তিনজনকে ধরা হয়েছে। উদ্ধার হয়েছে ব্রাউন সুগার। ধৃতদের আজ কোর্টে পেশ করা হবে।

রিমান্ডের জন্য আবেদন করা হচ্ছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমাণ ৮০ গ্রাম। এর আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার থেকে ১ লাখ টাকা। এই মাদক কৃষ্ণগঞ্জ থেকে আসছিল কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার খোঁজ করছে তদন্তকারীরা। তা জানতেই ওদের আমরা রিমান্ডে নেব। ধৃতরা হলো মোহাম্মদ শাহনওয়াজ, মোহাম্মদ রাজ্জাক, বাবু আলম। তিনজনই চোপড়া থানা এলাকার বাসিন্দা।

এরই পাশাপাশি এদিন আরও একটি বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার। এক্ষেত্রে তিনি বলেন, কাল আমরা একটি অভিযোগ পাই ইসলামপুর থানার অধীনে। একজন মহিলা অভিযোগ দিয়েছিলেন। উনার কাছ থেকে কিছু টাকা তোলা হয়েছে। উনার এবং উনার নাবালিকা মেয়ের শ্লীলতাহানি করা হয়েছে। এই অভিযোগে একজন সিভিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম নাজমুল। তাকেও আজ আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। রিমান্ডের আবেদন জানাচ্ছি।







