
#ইসলামপুর: এবারে ইসলামপুরে চাষ হচ্ছে মিষ্টি জলের মনিপুরি ইলিশ মাছ। এই মাছ ঘরে ঘরে পৌঁছে যাবে বলে মনে করছেন মৎস চাষী পলাশ চন্দ্র দাস। বলা হয় মাছে ভাতে বাঙালী। বাঙালী মানেই ভোজনরসিক। বাঙালী মানেই মৎস্যপ্রেমী। আর পাতে যদি থাকে ইলিশ তাহলে তো ষোলো কলা পূর্ন। কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতির জেরে ভারতে পদ্মার ইলিশ রফতানিতে তৈরী হয়েছে জটিলতা।

বাংলাদেশের অন্তর্বতী সরকারের মৎস ও প্রানী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়ে দিয়েছিলেন ভারতে পদ্মার ইলিশ রফতানির কথা পরে ভাববেন। এই পরিস্থিতিতে ইলিশ নিয়ে যখন জটিলতা তৈরী হয়েছে তখন ইলিশ নিয়ে নতুন দিশা দেখালেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের এক মৎস্যচাষী। ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণ পুরের অনন্ত নগরের বাসিন্দা পলাশ চন্দ্র দাস। তিনি তার বাড়িতে চৌবাচ্চায় চাষ করছেন মনিপুরি ইলিশ। যা খেতে একদম পিওর ইলিশের মতই। এতে কাটার ভাগ কম থাকে। এই ইলিশ মিষ্টি জলে বেড়ে ওঠে।

পলাশ বাবু জানান, কোচবিহারের এক বন্ধুর কাছে এই ইলিশের কথা শুনেছিলেন। তার বন্ধুর হ্যাচারিতে এই ইলিশের বেড়ে ওঠা দেখে তিনিও উৎসাহিত হন। প্রায় ১০০ চারা আনেন। নিজে ৩২টি রেখে বাকীদেরও দেন। এখন তার কাছে ১৬ টি ইলিশ রয়েছে। মাত্র পয়তাল্লিশ দিনে ১ ইঞ্চি থেকো সাড়ে ৩ ইঞ্চি বেড়েছে মাছগুলি। যাকে ঘিরে আশাবাদী পলাশবাবু।







