
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ দীর্ঘদিনের প্রতীক্ষার অবসানের পথে আরও এক ধাপ এগোল রায়গঞ্জ–ডালখোলা রেল প্রকল্প। অবশেষে শুরু হল বহু প্রতীক্ষিত এই রেল প্রকল্পের মাটি পরীক্ষার কাজ। মঙ্গলবার রায়গঞ্জে গভীর গর্ত খুঁড়ে মাটির নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রাথমিক কাজ শুরু হওয়ায় নতুন করে আশার আলো দেখছেন উত্তর দিনাজপুর জেলার বাসিন্দারা।

দীর্ঘদিন ধরেই রায়গঞ্জ থেকে ডালখোলা পর্যন্ত সরাসরি রেল যোগাযোগের দাবি জানিয়ে আসছেন জেলার মানুষ। এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার রেল যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে যেতে পারে বলে মনে করছেন জেলার ব্যবসায়ী মহল। বিশেষ করে রায়গঞ্জ, করণদিঘি, ডালখোলা-সহ বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়নের পথ প্রশস্ত হতে পারে।

এতদিন প্রকল্পের ঘোষণা ও বাস্তবায়ন নিয়ে নানা আলোচনা হলেও মাটি পরীক্ষার কাজ শুরু হওয়াকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবেই দেখছেন জেলাবাসী। প্রকল্পের জন্য মাটির গঠন, বহনক্ষমতা এবং ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য খতিয়ে দেখার ক্ষেত্রে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মাটি পরীক্ষার কাজে ব্যস্ত টিম কি কাজ হচ্ছে বললেও, ক্যামেরার সামনে কিছু বলতে চাননি।

তবে মাটি পরীক্ষার কাজ শুরু হলেও কবে নাগাদ প্রকল্পের পরবর্তী পর্যায়ের কাজ শুরু হবে, তা নিয়ে এখনও অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। তাঁদের প্রত্যাশা, প্রাথমিক সমীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা দ্রুত শেষ করে রেল প্রকল্পের নির্মাণকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘদিনের দাবি এবার বাস্তবের রূপ পাবে—এই আশাতেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন উত্তর দিনাজপুরের রেলযাত্রীরা।






