
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ এবার আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিতে চলেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি। দিনাজপুরের শতাব্দীপ্রাচীন গোমীরা মুখোশ সংস্কৃতি এবার উপস্থাপিত হতে চলেছে আন্তর্জাতিক মঞ্চে। আগামী ১৯ ও ২০ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ‘International Intangible Cultural Heritage Mask Dance Festival 2026’। এই উৎসবে ‘মাঙ্গলিকা মুখাদল’-এর পরিবেশনায় তুলে ধরা হবে দিনাজপুরের ঐতিহ্যবাহী গোমীরা নৃত্য ও মুখোশ সংস্কৃতি। UNESCO-র আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্যের পরিসরে এই উপস্থাপনা ঘিরে ইতিমধ্যেই আশার আলো দেখছেন শিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা।

গোমীরা কেবল একটি লোকনৃত্য নয়, এটি দিনাজপুরের লোকবিশ্বাস, ধর্মীয় আচার, সামাজিক জীবনযাপন এবং নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। কাঠের তৈরি বাহারি মুখোশ, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, ছন্দময় নৃত্যভঙ্গি এবং পৌরাণিক চরিত্রের অভিনব উপস্থাপনা এই শিল্পকলাকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে লোকশিল্পীদের হাত ধরে বেঁচে রয়েছে এই ঐতিহ্য।

গমীরা গবেষক ড. অভিজিৎ চৌধুরী বলেন, ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের স্বীকৃতি ও উদ্যোগে গোমীরা শিল্পের প্রচার ও প্রসারের পথ আরও প্রশস্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবার আন্তর্জাতিক মঞ্চে এই শিল্পের উপস্থাপনা দিনাজপুরের লোকশিল্পীদের কাছে যেমন বিশেষ সম্মানের, তেমনই বিশ্বের দরবারে উত্তরবঙ্গের সমৃদ্ধ লোকসংস্কৃতিকে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ সুযোগ।

এই উদ্যোগের নেপথ্যে রয়েছে দিনাজপুর গোমীরা মুখা আকাদেমি (মাঙ্গলিকা)। দীর্ঘদিন ধরেই এই সংস্থা গোমীরা শিল্পের সংরক্ষণ, প্রচার, শিল্পীদের প্রশিক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে এই ঐতিহ্যের প্রসারে কাজ করে চলেছে। গবেষক অভিজিৎ চৌধুরীর উদ্যোগ ও প্রচেষ্টাতেও এই লোকশিল্পকে বৃহত্তর পরিসরে পরিচিত করার প্রয়াস অব্যাহত রয়েছে। তাঁর আশা, আন্তর্জাতিক মঞ্চে এই উপস্থাপনার মধ্য দিয়ে গোমীরা শিল্পের সংরক্ষণ, গবেষণা, পর্যটন এবং শিল্পীদের জীবিকার নতুন সম্ভাবনা তৈরি হবে।

শুধু একটি নৃত্য পরিবেশনা নয়, এই অংশগ্রহণকে দিনাজপুরের লোকসংস্কৃতির আন্তর্জাতিক পরিচিতি গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, যথাযথ প্রচার, গবেষণা ও সরকারি-বেসরকারি সহযোগিতা মিললে গোমীরা মুখোশ শিল্প আগামী দিনে আন্তর্জাতিক সাংস্কৃতিক পর্যটনের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।

আন্তর্জাতিক এই মঞ্চে অংশগ্রহণের সুযোগকে ঘিরে আয়োজকদের বক্তব্য, এই সাফল্য কোনও একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়। যাঁরা দীর্ঘদিন ধরে পাশে থেকেছেন, উৎসাহ দিয়েছেন এবং এই লোকশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সহযোগিতা করেছেন, তাঁদের সকলের অবদান রয়েছে এর পিছনে। আগামী দিনেও সকলের ভালোবাসা, আশীর্বাদ ও সহযোগিতা নিয়েই গোমীরা শিল্পকে আরও বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়ার প্রত্যাশা তাঁদের।

আন্তর্জাতিক মঞ্চে গোমীরার এই যাত্রা নিঃসন্দেহে দিনাজপুরের লোকসংস্কৃতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে বলেই বিশ্বাস জেলার সাংস্কৃতিক মহলের।



