
#নয়াদিল্লি: একদিকে ছট পুজোর পবিত্রতা, অন্যদিকে দূষণের কালো ছায়া। সূর্যদেবের উদ্দেশে অর্ঘ্য নিবেদন করতে যমুনার ঘাটে হাজির হয়েছেন হাজার হাজার পুণ্যার্থী। কিন্তু নদীর জলে নামতেই সামনে এল ভয়াবহ ছবি। যমুনার বিস্তীর্ণ জলরাশি ঢেকে গিয়েছে সাদা ফেনার আস্তরণে। কোথাও কোথাও সেই ফেনার স্তূপ দেখে নদীর জল বলে চেনাই কঠিন। পবিত্র তিথিতে এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়েছে পুণ্যার্থী থেকে পরিবেশকর্মীদের মধ্যে।

ছট পুজোর সময় যমুনার এই দূষণ নতুন নয়। প্রতিবছরই নদীর বুকে সাদা ফেনার আস্তরণ ঘিরে প্রশ্ন ওঠে। বিশেষজ্ঞদের মতে, অপরিশোধিত নিকাশি জল, শিল্পবর্জ্য এবং জলে ফসফেটজাত রাসায়নিকের উপস্থিতি এই ধরনের ফেনা তৈরির অন্যতম কারণ হতে পারে। তবে এবারের ছবিও ফের সামনে এনে দিল নদী দূষণ নিয়ন্ত্রণের বাস্তব পরিস্থিতি।

সবচেয়ে বড় প্রশ্ন উঠছে কেন্দ্রের নমামি গঙ্গে প্রকল্পের কার্যকারিতা নিয়ে। পরিবেশকর্মীদের দাবি, ২০১৪ থেকে ২০২৬ সালের মধ্যে যমুনা পরিষ্কারের জন্য প্রায় ৬৫০০ কোটি টাকা বরাদ্দ এবং প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজ সম্পূর্ণ হওয়ার কথা বলা হলেও বাস্তবে নদীর এই হাল কেন? বিপুল অর্থ বরাদ্দ ও পরিকাঠামো উন্নয়নের পরেও যদি পুণ্যার্থীদের নদীর জলে নামার মতো পরিস্থিতি তৈরি না হয়, তাহলে সেই কাজের সুফল কোথায়?

পরিবেশকর্মীদের বক্তব্য, শুধু প্রকল্প ঘোষণা, নিকাশি শোধনাগার তৈরি কিংবা অর্থ বরাদ্দ করলেই নদী দূষণমুক্ত হবে না। শোধনাগারগুলির কার্যকারিতা, অপরিশোধিত নিকাশি জলের সরাসরি নদীতে মিশে যাওয়া বন্ধ করা এবং শিল্পবর্জ্য নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি প্রয়োজন। পাশাপাশি দূষণের উৎস চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও উঠেছে।

পরিবেশকর্মীদের দাবি, অবিলম্বে যমুনার জল ও ফেনার বৈজ্ঞানিক পরীক্ষা করতে হবে। নদী পরিষ্কারের নামে বরাদ্দ অর্থের ব্যবহার এবং বাস্তবে কতটা কাজ হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাবও জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন।

ছট পুজো কেবল একটি ধর্মীয় উৎসব নয়, প্রকৃতি ও জলকে শ্রদ্ধা জানানোরও এক বিশেষ উপলক্ষ। অথচ সেই উৎসবের দিনেই যমুনার এমন দূষিত চেহারা এক বড় প্রশ্নচিহ্ন তৈরি করছে। হাজার হাজার কোটি টাকার প্রকল্পের পরেও যদি নদীর বুকে বিষাক্ত ফেনার আস্তরণ দেখা যায়, তাহলে প্রশ্ন উঠবেই—যমুনা কি সত্যিই পরিষ্কার হচ্ছে, নাকি কাগজে-কলমেই এগোচ্ছে নদী পুনরুজ্জীবনের কাজ?




