
#চন্দ্র নারায়ণ সাহা, শিলিগুড়ি: প্রত্যন্ত গ্রামের এক সাধারণ কৃষক পরিবারের সন্তান থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী। এবার আরও এক সম্মাননায় ভূষিত হতে চলেছেন উত্তরবঙ্গের গর্ব, বিশিষ্ট রসায়নবিদ ড. মহেন্দ্রনাথ রায়। ২০২৬ সালে পদ্মশ্রী সম্মান পাওয়ার পর এবার তিনি মনোনীত হয়েছেন পদ্মবিভূষণ ড. মুরলী মনোহর যোশী অ্যাওয়ার্ড ২০২৬ এর জন্য। আগামী ২২ নভেম্বর দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়ার কথা।

কোচবিহারের হলদিবাড়ি ব্লকের বকশীগঞ্জ গ্রামের কৃষক পরিবারে ১৯৬১ সালের ১০ এপ্রিল জন্ম ড. রায়ের। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অর্জনের পর সেখানেই রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। পরবর্তীতে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্যের দায়িত্বও সামলেছেন তিনি।

গবেষণার জগতে তাঁর সাফল্য ঈর্ষণীয়। প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা ৫৮৫, Google Scholar-এ সাইটেশন প্রায় ৩০ হাজার ৮০০। স্থান পেয়েছেন বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকাতেও। রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির ফেলো (FRSC) সম্মানও রয়েছে তাঁর ঝুলিতে।

পদ্মশ্রী, বঙ্গভূষণ, শিক্ষারত্ন, সি ভি রমন পুরস্কার-সহ একাধিক সম্মানে সম্মানিত এই বিজ্ঞানীর নতুন স্বীকৃতিতে গর্বিত উত্তরবঙ্গ। প্রত্যন্ত গ্রামের মাটিতে শিকড় রেখে আন্তর্জাতিক বিজ্ঞানমঞ্চে তাঁর এই জয়যাত্রা আগামী প্রজন্মের কাছে নিঃসন্দেহে এক অনন্য অনুপ্রেরণা।






