Explore

Search

October 30, 2026 10:08 pm

IAS Coaching

AIIMS ঘোষণার পরেই পানিশালায় জমির দামে আগুন, আনাগোনা শুরু জমি কারবারিদের

 

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ AIIMS গড়ার ঘোষণার পরেই উত্তর দিনাজপুরের পানিশালা এলাকায় জমির বাজারে ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। রাতারাতি বেড়েছে জমির দর। একই সঙ্গে এলাকায় শুরু হয়েছে জমি দালাল ও জমি কারবারিদের আনাগোনা। সম্ভাব্য প্রকল্প এলাকাকে ঘিরে জমি কেনাবেচার তৎপরতা বাড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও তৈরি হয়েছে নানা জল্পনা।

জানা গেছে, AIIMS-এর জন্য রায়গঞ্জের ৭ নম্বর শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দ্বীপনগর মৌজায় প্রায় ১৮০ একর জমি চিহ্নিত করেছে জেলা প্রশাসন। চিহ্নিত জমির অধিকাংশই কৃষিজমি। দীর্ঘদিন ধরে সেখানে ধান, গমের পাশাপাশি ভুট্টা চাষ করে আসছেন স্থানীয় কৃষকরা। ফলে প্রস্তাবিত AIIMS প্রকল্পকে ঘিরে এলাকার কৃষিজমির ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পর থেকেই জমির বাজারে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি স্থানীয়দের। তাঁদের বক্তব্য, কয়েক দিন আগেও, জাতীয় সড়কের ধারে,যে জমি শতক প্রতি প্রায় ৩ লক্ষ এর বেশি টাকায় বিক্রি হচ্ছিল, সেই জমির দাম এখন অনেকটাই বেড়ে গিয়েছে। কোথাও কোথাও জমির মালিকরা আগের দামে জমি বিক্রি করতে চাইছেন না। প্রকল্পের ঘোষণা ঘিরে ভবিষ্যতে জমির দাম আরও বাড়তে পারে, এমন প্রত্যাশাও তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, AIIMS-এর ঘোষণা সামনে আসতেই বাইরের কিছু মানুষের আনাগোনা বেড়েছে। কেউ জমির মালিকদের সঙ্গে যোগাযোগ করছেন, কেউ আবার কোন জমির মালিক কে, কোথায় কতটা জমি রয়েছে, তার খোঁজখবর নিচ্ছেন। জমি কেনাবেচার মধ্যস্থতাকারীদের তৎপরতাও চোখে পড়ছে বলে দাবি তাঁদের।

এলাকাবাসীর একাংশের আশঙ্কা, AIIMS প্রকল্পকে কেন্দ্র করে জমির দাম অস্বাভাবিকভাবে বাড়লে সাধারণ মানুষের পক্ষে জমি কেনা কঠিন হয়ে পড়বে। অন্যদিকে, দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত পরিবারগুলির কাছে জমি বিক্রির প্রস্তাব আসতে পারে। তবে প্রকল্পের বাস্তবায়ন, জমি অধিগ্রহণ এবং পরিকাঠামো নির্মাণের বিষয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

তবে ভালো দাম পেলে জমি বিক্রি করতে চাইছেন অনেকেই। শশী বর্মন বলেন, আমার পরিবারে আমরা দুজন লোক। জমি দালালেরা যত দাম বলছে, তাতে আমি আমার জমি যদি বিক্রি করে,১০ কিমি দূরে জমি কিনে সারা জীবন বসে খেতে পারব। তাই জমি যারা কিনতে আসছে, তাদেরকে বলেছি, জমিতে লাগানো ধান ঘরে উঠলে কথা বলব।

AIIMS ঘিরে উন্নয়ন ও কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন পানিশালার মানুষ। তবে সেই স্বপ্নের পাশাপাশি জমির বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং জমি কারবারিদের তৎপরতা আগামী দিনে নতুন কোনও সমস্যার সৃষ্টি করে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja