Explore

Search

October 30, 2026 9:15 pm

IAS Coaching

AIIMS নিয়ে ‘ঘরপোড়া গরু’ পানিশালার সাধারণ মানুষ, একাংশের মনে আশঙ্কা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জে AIIMS গড়ে ওঠার ঘোষণাকে ঘিরে উত্তর দিনাজপুর জুড়ে এখন আবেগ, উচ্ছ্বাস ও নতুন স্বপ্নের আবহ। দীর্ঘদিনের দাবি, আন্দোলন এবং প্রতীক্ষার পর অবশেষে রায়গঞ্জের কাছে AIIMS প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হওয়ায় খুশির হাওয়া বইছে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু সেই আনন্দের মধ্যেই পানিশালার বাসিন্দাদের একাংশের মনে উঁকি দিচ্ছে পুরনো আশঙ্কা। তাঁদের একটাই প্রশ্ন, এবারও কি শুধু ঘোষণা হয়েই থেকে যাবে AIIMS, নাকি সত্যিই বাস্তবের মুখ দেখবে?

স্থানীয়দের এই সংশয়ের পিছনে রয়েছে অতীতের অভিজ্ঞতা। প্রাক্তন সাংসদ প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির সাংসদ থাকাকালীন পানিশালাতেই AIIMS গড়ে তোলার ঘোষণা হয়েছিল। সেই সময় জমিও চিহ্নিত করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই জমিতে কোনও প্রকল্প বাস্তবায়িত হয়নি। আজও অনাদর ও অবহেলায় পড়ে রয়েছে সেই জমি। ফলে নতুন করে AIIMS গড়ে ওঠার ঘোষণায় খুশি হলেও পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না স্থানীয় বাসিন্দাদের একাংশ।

এলাকার প্রবীণদের কথায়, প্রিয়রঞ্জন দাশমুন্সি নিজে এসে আশ্বাস দিয়েছিলেন, পানিশালায় AIIMS হবেই। সেই আশ্বাসকে বিশ্বাস করে তাঁরা আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু এত বছরেও সেই স্বপ্ন পূরণ হয়নি। এবার আবার নতুন করে অন্য জমিতে AIIMS গড়ে তোলার কথা সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাঁদের মনে। প্রবীণ বাসিন্দা সহদেব সরকারের কথায়, “আমরা তো আগেও পানিশালায় AIIMS হওয়ার কথা শুনেছি। তখন জমিও চিহ্নিত হয়েছিল। কিন্তু কিছুই হয়নি। সেই AIIMS চলে যায় কল্যানিতে। সেখানে আউটডোর রোগী দেখার কাজ চলছে। এবারও ঘোষণা শুনে ভালো লাগছে, তবে বাস্তবে কাজ শুরু না হওয়া পর্যন্ত বিশ্বাস করতে পারছি না।”

ঘোষণার পর এলাকায় মিষ্টিমুখ, আনন্দ প্রকাশ এবং নানা আলোচনা শুরু হলেও সেই উচ্ছ্বাসের পাশাপাশি রয়েছে চাপা দ্বিধা। স্থানীয়দের একাংশের মতে, AIIMS হলে শুধু উন্নত চিকিৎসার সুযোগই তৈরি হবে না, এলাকার আর্থসামাজিক পরিস্থিতিতেও পরিবর্তন আসবে। কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামোগত উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে। কিন্তু এত বড় প্রকল্পের ক্ষেত্রে জমি চিহ্নিতকরণ বা ঘোষণা নয়, দ্রুত প্রশাসনিক পদক্ষেপ এবং বাস্তব কাজের সূচনাই তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, স্থানীয় বিজেপি নেতৃত্ব অবশ্য বাসিন্দাদের এই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। বিজেপি নেতা উত্তম চট্টোপাধ্যায় বলেন, এখন রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। কেন্দ্রের সবুজ সংকেত পেয়েছেন বলেই রাজ্য সরকারের তরফে রাজ্যে দ্বিতীয় AIIMS এর কাজ করতে চেয়ে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল কেন্দ্রকে চিঠি লিখেছেন। সুতরাং এবার AIIMS হচ্ছেই।

সব মিলিয়ে AIIMS নিয়ে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরে নতুন করে আশার আলো দেখা গেলেও পানিশালার মানুষের অভিজ্ঞতা তাঁদের কিছুটা সতর্ক করে রেখেছে। দীর্ঘদিনের বঞ্চনা ও অপূর্ণ প্রতিশ্রুতির স্মৃতি এখনও তাঁদের মনে টাটকা। তাই আবেগে ভাসলেও তাঁরা এখনই নিশ্চিন্ত হতে চাইছেন না। তাঁদের প্রত্যাশা, অতীতের মতো এবার যেন শুধু ঘোষণা আর আশ্বাসেই আটকে না থাকে AIIMS। দ্রুত শুরু হোক বাস্তবায়নের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja