Explore

Search

October 27, 2026 2:21 pm

IAS Coaching

শেষ মুহূর্তের গোলে চেন্নাইয়িনকে হারাল মোহনবাগান

#আনন্দ ব্যানার্জী, কলকাতা: শেষ মুহূর্তের গোলে চেন্নাইয়িন এফসিকে ১-০ ব্যবধানে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের ৮৫ মিনিটে লিস্টন কোলাসোর ক্রস থেকে বুক দিয়ে বল জালে জড়িয়ে মেরিনার্সদের জয় নিশ্চিত করেন মনবীর সিং।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের মুখ খুলতে পারেনি কেউই। চেন্নাইয়িনের নিকোলা স্তোয়ানোভিচ, ব্রাইসন ফার্নান্ডেজ ও ইরফান ইয়াদওয়াদ একাধিকবার গোলের সুযোগ তৈরি করেন। অন্যদিকে, মোহনবাগানের সামির জেলজকোভিচ ও আলবার্তো রদ্রিগেজও গোলের কাছাকাছি পৌঁছলেও সাফল্য পাননি। দুই দলের গোলরক্ষক মহম্মদ নওয়াজ ও বিশাল কাইথের একাধিক গুরুত্বপূর্ণ সেভে প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে লড়াই। সাহাল আবদুল সামাদ ও অনিরুদ্ধ থাপাকে মাঠে নামিয়ে আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করে মোহনবাগান। পাল্টা চেন্নাইয়িনও একাধিক আক্রমণ গড়ে তোলে। তবে কাইথের দৃঢ় গোলকিপিংয়ে বারবার আটকে যায় প্রতিপক্ষের প্রচেষ্টা।

ম্যাচের ৮০ মিনিটের কাছাকাছি সময়ে প্রাকাদেশ্বরনের পাস থেকে স্তোয়ানোভিচের বাঁ পায়ের শট ক্রসবারে লেগে ফিরে এলে স্বস্তি পায় মেরিনার্স শিবির। এরপরও চেন্নাইয়িনের আক্রমণ সামলাতে ব্যস্ত থাকতে হয় কাইথকে।

শেষদিকে লিস্টন কোলাসো ও অভিষেক সূর্যবংশীকে মাঠে নামান মোহনবাগান কোচ। সেই পরিবর্তনের সুফল মেলে দ্রুতই। ৮৫ মিনিটে কোলাসোর বাড়ানো ক্রসে বুক দিয়ে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন মনবীর সিং। শেষ পর্যন্ত সেই গোলের ব্যবধান ধরে রেখেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মোহনবাগান সুপার জায়ান্ট। গুরুত্বপূর্ণ মুহূর্তে বিশাল কাইথের একাধিক সেভ এবং মনবীরের নির্ণায়ক গোলেই ঘরের মাঠে তিন পয়েন্ট পেল সবুজ-মেরুন শিবির।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja