Explore

Search

September 12, 2026 11:02 am

IAS Coaching

গতবারের ১০% বোনাস ও ৭ দফা দাবি নিয়ে বাগরাকোটে শ্রমিক বিক্ষোভ

#মালবাজার: এক পুজো পেরিয়ে আরেক পুজো দরজায় কড়া নাড়ছে। অথচ এখনও ২০২৫ সালের বকেয়া ১০ শতাংশ বোনাস হাতে পাননি বাগরাকোট চা বাগানের শ্রমিকরা। দীর্ঘদিনের বকেয়া পাওনা ও একাধিক সমস্যা নিয়ে এবার সরব হলেন বাগানের যৌথ শ্রমিক সংগঠনগুলি। শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বাগান  কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ৭ দফা দাবি পেশ করা হয়েছে।
শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিক পাওনা বকেয়া পড়ে রয়েছে। উৎসবের মরশুমে শ্রমিকদের পরিবারগুলির মুখে যখন হাসি ফোটার কথা, তখন পাওনা না মেলায় তাঁদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা। বিশেষ করে ২০২৫ সালের বকেয়া ১০ শতাংশ বোনাস এখনও না পাওয়ায় শ্রমিক মহলে অসন্তোষ ক্রমেই বাড়ছে। উল্লেখ্য এবছরের ২০% হারে বোনাস দেওয়ার কথা রাজ্যে শ্রম দপ্তর থেকে চা বাগান কর্তৃপক্ষ গুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।
শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে ২০২৫ সালের বকেয়া ১০ শতাংশ বোনাস পরিশোধ করতে হবে। পাশাপাশি দৈনিক শ্রমিকদের  তিন মাসের বকেয়া বেতন দুর্গাপুজোর আগেই মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।
শুধু বোনাস নয়, পুরনো একাধিক বকেয়া নিয়েও ক্ষোভ রয়েছে শ্রমিকদের মধ্যে। সংগঠনগুলির দাবির মধ্যে রয়েছে ২০২২–২৩ সালের বকেয়া টাকা ও ছুটির টাকা সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে পরিশোধ করা। একইসঙ্গে চলানি কাঠের বকেয়া মেটানো এবং গাড়ির জন্য প্রয়োজনীয় ডিজেলের খরচ শ্রমিকদের কাছ থেকে নেওয়া বন্ধ করার দাবিও জানানো হয়েছে।
প্রবিডেন্ট ফান্ড নিয়েও গুরুত্বপূর্ণ দাবি তুলেছেন শ্রমিক সংগঠনগুলি। শ্রমিকদের বেতন থেকে পিএফ-এর জন্য কেটে নেওয়া অর্থের পাশাপাশি মালিকপক্ষের অংশও সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে জমা দেওয়ার দাবি করা হয়েছে। পিএফ ক্লেমের ক্ষেত্রেও যাতে অযথা বিলম্ব না হয় এবং ছুটি পাওয়ার সঙ্গে সঙ্গেই ক্লেম পাঠানোর ব্যবস্থা করা হয়, সেই দাবিও জানানো হয়েছে।
এছাড়াও বাগানের বিভিন্ন সমস্যা নিয়ে দ্রুত আলোচনা ও সমাধানের লক্ষ্যে সমস্ত শ্রমিক ইউনিয়নের সঙ্গে সপ্তাহে অন্তত একদিন বৈঠক করার দাবি রাখা হয়েছে। শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে সমস্ত সমস্যার সমাধান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন তাঁরা—এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনগুলির তরফে।
একদিকে উৎসবের আবহ, অন্যদিকে দীর্ঘদিনের বকেয়া পাওনার চাপ—এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে বাগরাকোট চা বাগানের শ্রমিক পরিবারগুলির অপেক্ষা এখন কবে মিলবে তাঁদের প্রাপ্য। পুজোর আগে সমস্যার সমাধান হয় কি না, শেষ পর্যন্ত ব্যবস্থাপনা কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে শ্রমিক মহল।
Advertisement
Live Cricket Score
upskillninja