
#চন্দ্র নারায়ণ সাহা, শিলিগুড়ি: উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রের। পশ্চিমবঙ্গে জাতীয় সড়ক-৩২৭-এর বাগডোগরা–পানিট্যাঙ্কি– খড়িবাড়ি–গালগালিয়া অংশের ৩১.০২ কিলোমিটার রাস্তা চার লেনে সম্প্রসারণের জন্য ২,০৭৭.১৮ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এই অনুমোদনের কথা জানিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রস্তাবিত প্রকল্পে থাকবে ৩টি বড় সেতু, ১টি রোড ওভার ব্রিজ (ROB), ৫টি হাতি চলাচলের আন্ডারপাস এবং রাস্তার দু’পাশে সার্ভিস রোড। এর ফলে একদিকে যেমন মানুষের যাতায়াত আরও নিরাপদ ও দ্রুত হবে, অন্যদিকে বন্যপ্রাণীর নিরাপদ চলাচলও নিশ্চিত করার চেষ্টা করা হবে।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’-এর মধ্য দিয়ে যাওয়া এই সড়ক উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে নেপাল, ভুটান ও বাংলাদেশের দিকে যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটবে।

চার লেনের কাজ সম্পূর্ণ হলে বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পানিট্যাঙ্কি এলাকায় যানজটের চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বাগডোগরা বিমানবন্দর-সহ উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ আরও মসৃণ হবে।

এই প্রকল্পের ফলে উত্তরবঙ্গের কৃষি, উদ্যানপালন, চা-সহ বিভিন্ন স্থানীয় উৎপাদিত পণ্য দ্রুত বৃহত্তর বাজারে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। ফলে স্থানীয় অর্থনীতি ও বাণিজ্যেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের যোগাযোগ পরিকাঠামোয় নতুন গতি আসার পাশাপাশি শিলিগুড়ি করিডরের কৌশলগত গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে মানুষের নিরাপদ যাতায়াত এবং বন্যপ্রাণীর চলাচলের মধ্যে ভারসাম্য রাখার ক্ষেত্রেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।






