
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিদ্যাসাগর সেরা বিদ্যালয় পুরস্কার-২০২৬’ পাচ্ছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ২ সেপ্টেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে এই সম্মানের জন্য বিদ্যালয়টির নাম ঘোষণা করা হয়েছে। এই খবরে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে।

আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে কলকাতার নিউটাউন কনভেনশন সেন্টারের হল-১-এ আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত বিদ্যালয়গুলিকে সম্মানিত করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাধিক ১০ জনের একটি দল অনুষ্ঠানে অংশ নিতে পারবে। পুরস্কারের অর্থ সরাসরি DBT-এর মাধ্যমে বিদ্যালয়ের অ্যাকাউন্টে প্রদান করা হবে বলেও জানানো হয়েছে। তবে স্কুল থেকে ৫ জনের শিক্ষকদের একটি দল আগামী ৪ঠা সেপ্টেম্বর কোলকাতার পথে রওনা দেবে। এতে থাকছেন প্রধান শিক্ষক কালিচরন সাহা, সহকারী শিক্ষক অতুল রাজবংশী, সঞ্জিত গোস্বামী, পাউলুশ মূর্মূ সহ একজন করণিকও।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালিচরণ সাহা বলেন, “এই সম্মান রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, অভিভাবক এবং প্রাক্তনীদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। বিদ্যাসাগরের নামে এই পুরস্কার পাওয়া আমাদের কাছে অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। আগামী দিনে বিদ্যালয়ের শিক্ষার মান এবং সার্বিক পরিবেশ আরও উন্নত করার ক্ষেত্রে এই সম্মান আমাদের অনুপ্রেরণা জোগাবে।”

বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শুভেন্দু মুখোপাধ্যায়-ও এই খবরে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, “রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের দীর্ঘদিনের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নিরলস পরিশ্রমের ফলেই আজকের এই স্বীকৃতি। বিদ্যালয়ের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার কারণে এই সম্মান আমার কাছেও অত্যন্ত আবেগ ও গর্বের। বর্তমান প্রজন্মের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের এই ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে—এই আশা রাখি।”

শিক্ষা মহলের মতে, শিক্ষক দিবসের প্রাক্কালে রায়গঞ্জের একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়ের এই স্বীকৃতি উত্তর দিনাজপুর জেলার শিক্ষাক্ষেত্রেও এক বিশেষ মর্যাদা এনে দিল।






