
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ আসন্ন পরিযায়ী পাখি গণনাকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়ে গেল রায়গঞ্জের কুলিক পাখিরালয়ে। মঙ্গলবার সকাল থেকেই পাখিরালয়ের বিভিন্ন গাছ চিহ্নিত করে নম্বর বসানোর কাজ শুরু করল বন দফতর। পাখি গণনার সময় গাছের অবস্থান ও পাখিদের বসার জায়গা চিহ্নিত করতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

কুলিক পাখিরালয়ের রেঞ্জার সৌভিক ঝায়ের নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার সকাল থেকে পাখিরালয়ের বিভিন্ন এলাকায় ঘুরে গাছগুলিতে নম্বর দেওয়ার কাজ শুরু করেন। নির্দিষ্টভাবে গাছ চিহ্নিত করার ফলে পাখি গণনার সময় পর্যবেক্ষণ ও তথ্য নথিভুক্ত করার কাজ আরও সুশৃঙ্খল হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।

বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা বলেন, “পাখি গণনার আগে কুলিক পাখিরালয়ের গাছগুলিকে চিহ্নিত করে নম্বর দেওয়ার কাজ শুরু হয়েছে। গণনার কাজে যাতে কোনওরকম অসুবিধা না হয় এবং নির্দিষ্ট গাছ ও এলাকার তথ্য সহজে নথিভুক্ত করা যায়, সেই লক্ষ্যেই এই প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, প্রতি বছর কুলিক পাখিরালয়ে পরিযায়ী পাখিদের সংখ্যা গণনা করা হয়। এবছর আগামী ৫ ও ৬ই সেপ্টেম্বর এই গণনা চলবে। পাখিরালয়ের বিভিন্ন এলাকায় থাকা গাছ ও পাখিদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের পাশাপাশি এবারও সুষ্ঠুভাবে গণনার জন্য একাধিক প্রস্তুতিমূলক কাজ করা হচ্ছে। গাছ চিহ্নিতকরণের এই কাজ সেই প্রস্তুতিরই অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

বন দফতরের এই তৎপরতায় কুলিক পাখিরালয়ের আসন্ন পাখি গণনাকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে পাখিপ্রেমী ও পরিবেশকর্মীদের মধ্যে।






