#মালবাজার: বার্ধক্য ভাতা সহ অন্যান্য ভাতা যোগ্য মানুষের অনুকূলে দ্রুত দিতে হবে, এস আই আর কর্মসূচিতে যাদের নাম বাদ গেছে তাদের নাম আবার লিপিবদ্ধ করতে হবে, সমস্ত গ্রাম পঞ্চায়েতের ১২৫ দিনের কাজ দ্রুত চালু করতে হবে এইরকম বিভিন্ন দাবি নিয়ে সোমবার মালবাজার শহরে ব্লক প্রশাসনের কাছে স্মারকলিপি দিল সিপিআইএম পার্টির পক্ষ থেকে।

এদিন দুপুরে মাল ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে সিপিএমের নেতা ও কর্মীরা মাল রেলওয়ে মাঠে সমবেত হন। সেখান থেকে মিছিল করে বিডিও অফিসে পৌঁছান। বিডিও অফিসের গেটের সামনে বিভিন্ন দাবীর সমর্থনে বাম নেতৃত্ব বক্তব্য রাখেন। এদিন মিছিলে নেতৃত্বে ছিলেন দলের জেলা সম্পাদক পীযূষ মিশ্র,প্রবীণ কৃষক নেতা আশীষ সরকার, মাল এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্ত,পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সুশীল রায়, মহিলা নেত্রী গলেজান সরকার প্রমুখ। বাম নেতৃত্বের প্রতিনিধি দল বিডিও প্রগতি বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বিভিন্ন দাবি তুলে ধরেন এবং তার হাতে স্মারকলিপি তুলে দেন।

এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্ত বলেন, বার্ধক্য ভাতা সহ অন্যান্য যে সমস্ত ভাতা রয়েছে তা দ্রুত যোগ্য মানুষের অনুকূলে প্রদান করতে হবে, ১২৫ দিনের কাজ সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় চালু করতে হবে, এস আই আর এই যাদের নাম বাদ গেছে তাদের নাম পুনরায় লিপিবদ্ধ করতে হবে। এইসব দাবি নিয়ে আমরা বিডিওর কাছে স্মারকলিপি দিয়েছি। ম্যাডাম আমাদের বক্তব্য শুনেছেন এবং যথাসম্ভব দিয়েছেন।








