
#রায়গঞ্জঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, উচ্চশিক্ষার প্রসার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও পরিকাঠামোগত অগ্রগতি নিয়ে উচ্চ শিক্ষা মন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অর্ণব সেন।

শুক্রবার কলকাতার বিকাশ ভবনে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) কৌশিক চৌধুরীর সঙ্গে বৈঠকে মিলিত হন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বৈঠকে উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং আগামী দিনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আরও সম্প্রসারণ ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনমূলক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সকলের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার উৎকর্ষ, উদ্ভাবন এবং ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের লক্ষ্যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় তার অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।






