#মালবাজার: সরকারি ভাবে জাতীয় সরক এবং রাজ্য সড়কে টোটো চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনিকভাবে সেই নির্দেশিকা কার্যকর করতে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতেই সমস্যায় পড়েছে ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চালসা, মঙ্গলবাড়ি এলাকার টোটো চালকরা। এরই প্রতিবাদে বৃহস্পতিবার হাটের দিন টোটো চালকরা ধর্মঘটের ডাক দেন। ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। বৃহস্পতিবার মঙ্গলবাড়ী এলাকায় ডুয়ার্সের অন্যতম বড় হাট বসে।

আশেপাশের চা বাগান, গ্রামাঞ্চল এবং পাহাড়ি এলাকার বহু মানুষ বাজার করতে এই হাটে আসেন। হাটের স্থল ১৭ নম্বর জাতীয় সরকের পাসে। এজন্যে জাতীয় সড়ক ধরেই মানুষজনকে যাতায়াত করতে হয়। এদিন টোটো ধর্মঘট থাকায় বাজার করে ফিরতি পথে মানুষকে ভোগান্তির শিকার হতে হয়। অনেকেই পায়ে হেঁটে কিম্বা ভ্যান রিক্সায় যাতায়াত করেন। বর্তমানে সাধারণ মানুষের স্থানীয়ভাবে যাতায়াতের অন্যতম মাধ্যম টোটো আর এজন্যই টোটো ধর্মঘটের ফলে মানুষের সমস্যা আর সৃষ্টি হয়েছে।

চালক সংগঠনের পক্ষে প্রফুল্ল রায় বলেন, আমাদের এই চালসা এলাকায় জাতীয় সড়কের পাশেই রয়েছে হাসপাতাল, বিডিও অফিস, হাট বাজার সহ অন্যান্য দপ্তর। স্বাভাবিকভাবে জাতীয় সড়ক ধরেই সবাইকে চলাচল করতে হয়। সরকারি নির্দেশিকা কার্যকর হলে আমাদের যেমন রোজগারের পথে বাধার সৃষ্টি হবে তেমন সাধারণ মানুষেরও সমস্যা তৈরি হবে। সরকার যাতে নির্দেশিকা শিথিল করে তার জন্যই আজ আমরা প্রতিবাদ জানিয়ে ধর্মঘটে নেমেছি।








