
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ জাতীয় পর্যায়ের সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগে দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয় পেল উত্তর দিনাজপুরের নন্দঝাড় আদিবাসী তপশিলি উচ্চ বিদ্যালয়। সিকিমের স্কুলের বিরুদ্ধে লড়াইয়ে শুরুতে এক গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে নেয় নন্দঝাড়ের মেয়েরা। প্রথমার্ধ ১-১ গোলে ড্র থাকে।

ম্যাচের শুরুতেই সিকিম গোল করে এগিয়ে যায়। তবে পিছিয়ে পড়েও আত্মবিশ্বাস হারায়নি নন্দঝাড়ের দল। পরবর্তী সময়ে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে একে একে দুটি গোল করে ম্যাচের রং বদলে দেয় তারা। দলের হয়ে একটি করে গোল করে দিয়া ও মৌমিতা।

দলের এই সাফল্যে উচ্ছ্বসিত কোচ চন্দন পাল বলেন, “শুরুতে এক গোলে পিছিয়ে পড়েছিলাম। তবে মেয়েরা হাল ছাড়েনি। শেষ পর্যন্ত ২-১ গোলে জয়লাভ করলাম। দলের সবাই যথেষ্ট ভালো খেলেছে।”

পরপর দুই ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস আরও বেড়েছে নন্দঝাড়ের খেলোয়াড়দের। কোচ চন্দন পাল জানান, আগামীকাল NCS-এর বিরুদ্ধে মাঠে নামবে দল। এরপর গ্রুপ লিগের শেষ ম্যাচে বিহারের বিরুদ্ধে খেলবে নন্দঝাড় আদিবাসী হাই স্কুল। পরপর ম্যাচে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে গ্রুপ লিগে আরও একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে এখন প্রস্তুত নন্দঝাড়ের মেয়েরা।






