
#চন্দ্র নারায়ণ সাহা, ইটাহার: বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে বিজ্ঞান ভারতী, উত্তরবঙ্গ-এর উদ্যোগে এবং ইটাহার হাই স্কুল-এর ব্যবস্থাপনায় বুধবার থেকে শুরু হল দু’দিনব্যাপী ড্রোন তৈরির কর্মশালা। কর্মশালায় শিলিগুড়ি থেকে আগত দুইজন অভিজ্ঞ ড্রোন এক্সপার্ট হাতে-কলমে ড্রোন প্রযুক্তি, এর কার্যপ্রণালী, বিভিন্ন ব্যবহার এবং ড্রোন তৈরির প্রাথমিক কৌশল সম্পর্কে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেন।

এই কর্মশালায় বানবোল হাই স্কুল, শিবরামপুর হাই স্কুল, মারনাই হাই স্কুল এবং কাপাসিয়া হাই স্কুলের ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। আধুনিক প্রযুক্তির এই প্রশিক্ষণে অংশ নিয়ে পড়ুয়ারা ড্রোন প্রযুক্তির বাস্তব প্রয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করে এবং ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আরও গভীরভাবে কাজ করার অনুপ্রেরণা পায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটাহার হাই স্কুলের প্রধান শিক্ষক সুব্রত নারায়ন ধর, সহকারী প্রধান শিক্ষক ওয়াজেদ আলী, বিজ্ঞান ভারতী, উত্তরবঙ্গ প্রান্তের কার্যকর্তা ড. জয়দীপ ঘোষ সহ একাধিক বিশিষ্ট শিক্ষকেরা। ড. জয়দীপ ঘোষ বলেন, বর্তমান যুগে ড্রোন প্রযুক্তি কৃষি, দুর্যোগ মোকাবিলা, পরিবেশ পর্যবেক্ষণ, নিরাপত্তা এবং গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই স্কুল স্তর থেকেই শিক্ষার্থীদের এই আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তোলা অত্যন্ত জরুরি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার কর্মশালার দ্বিতীয় দিনে ইটাহার হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ হাতে-কলমে প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে ড্রোন সংযোজন, পরিচালনা এবং নিরাপদ ব্যবহারের ওপর বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে।




