Explore

Search

September 12, 2026 3:04 pm

IAS Coaching

সুব্রত কাপ ফুটবল: সব বিভাগেই জেলা চ্যাম্পিয়ন রায়গঞ্জ মহকুমা, অভিনন্দনের জোয়ার

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার স্কুল ফুটবলে বড় সাফল্য অর্জন করল রায়গঞ্জ মহকুমার বিভিন্ন স্কুল। সুব্রত কাপের খেলায় জেলা চ্যাম্পিয়নের শিরোপা পেল দেবীনগর গয়ালাল রামহরি উচ্চ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)। সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৭ বালক বিভাগে ফাইনালে সেন্ট ইগনিয়াস হাই স্কুলকে ৩-১ গোলে পরাজিত করে জেলা চ্যাম্পিয়নের মুকুট জিতে নিল বিদ্যালয়ের দল। এই সাফল্যে বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে।

অন্যদিকে, অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে জেলা চ্যাম্পিয়ন হয়েছে মহারাজা জগদীশ নাথ হাই স্কুল। ফাইনালে তারা ২-০ গোলে ইসলামপুর হাই স্কুলকে হারিয়ে শিরোপা নিজেদের দখলে তোলে। এছাড়া অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে হাতিয়া হাই স্কুল। ফাইনালে কানকি শ্রী জৈন বিদ্যামন্দিরকে ৪-০ গোলে পরাজিত করে তারা দুর্দান্ত সাফল্য অর্জন করে।

জেলার এই তিনটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রামপুর ইন্দিরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় সিংহ, অবর বিদ্যালয় পরিদর্শক রাজা ভগত-সহ জেলার একাধিক শিক্ষক-শিক্ষিকা ও ক্রীড়া অনুরাগীরা। তাঁদের উপস্থিতিতে প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

জেলা স্তরে সাফল্যের পর বিজয়ী দলগুলি এবার উত্তরবঙ্গ ভিত্তিক সুব্রত কাপ প্রতিযোগিতায়, যা কোচবিহারে অনুষ্ঠিত হবে, সেখানে উত্তর দিনাজপুর জেলার প্রতিনিধিত্ব করবে। মেয়েদের খেলা বালুরঘাটে, বাকিদের খেলা শিলিগুড়ি ও কোচবিহারে।

স্কুল গুলোর এই অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়, কোচ, ক্রীড়া শিক্ষক এবং বিদ্যালয় পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা কনভেনর রাজা ভগত। জেলার ক্রীড়া জগতে এই সাফল্য আগামী দিনে আরও অনেক ছাত্রছাত্রীকে ফুটবলের প্রতি উৎসাহিত করবে বলেই আশা করা হচ্ছে।

Advertisement
Live Cricket Score
upskillninja