
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ অরণ্য সপ্তাহ উপলক্ষে বুধবার রায়গঞ্জের দেবীনগর কে সি আর বিদ্যাপীঠে মঙ্গলবার এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক প্রশাসনের সম্মানীয় আধিকারিকরা, রায়গঞ্জের জয়েন্ট বি ডি ও অনুপ পোদ্দার, জিৎ দাস,সুভাষ আর্য, ভারপ্রাপ্ত শিক্ষিকা রাখি বিশ্বাস সহ অন্যান্যরা। তাঁদের উপস্থিতিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরিবেশ সচেতনতা বিষয়ক গান, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। পরে বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয় এবং গাছের পরিচর্যার গুরুত্ব সম্পর্কে পড়ুয়াদের সচেতন করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাখী বিশ্বাস জানান, অরণ্য সপ্তাহ উপলক্ষে এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তিনি এই উদ্যোগে সহযোগিতার জন্য রায়গঞ্জ ব্লক প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান।

বিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে এবং সবুজ পৃথিবী নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।




