
#রায়গঞ্জ: রাজ্যজুড়ে বিদ্যুৎ গ্রাহকদের বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে স্মার্ট মিটার বসানোর উদ্যোগের প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) তথা সিপিআই(এম)। সোমবার রায়গঞ্জের প্রশাসনিক দপ্তরের পাশে আয়োজিত এই কর্মসূচিতে দলের নেতা-কর্মীরা স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

বিক্ষোভ কর্মসূচি শেষে সিপিআই(এম)-এর রায়গঞ্জ শহর ও গ্রামীণ এরিয়া কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেড (WBSEDCL)-এর রায়গঞ্জ ডিভিশনের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ বিবেচনা না করেই স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে গ্রাহকদের আর্থিক বোঝা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সিপিআই(এম)। তাই অবিলম্বে স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। অন্যথায় সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের সংগঠিত করে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ওয়ার্কমেন ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক কর্মী ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা কমিটিও পৃথকভাবে বিদ্যুৎ দপ্তরের কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেয়। তাদের অভিযোগ, স্মার্ট প্রিপেইড মিটার চালু হলে দীর্ঘদিন ধরে কর্মরত মিটার রিডার ও চুক্তিভিত্তিক কর্মীদের কর্মসংস্থান অনিশ্চয়তার মুখে পড়বে। বিদ্যুৎ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।

বিক্ষোভস্থলে উপস্থিত সিপিআই(এম) নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং বিদ্যুৎ পরিষেবাকে জনমুখী রাখতেই এই আন্দোলন। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটার ইঙ্গিতও দেন তাঁরা।
ডেপুটেশনে প্রতিনিধিত্ব করেন উত্তম পাল, তীর্থ দাস, মোহিত বর্মন, রঞ্জন দাস, মতিয়ুর রহমান, প্রদ্যোত নারায়ণ ঘোষ ওরফে বাবুজি।




