
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ শহরের অন্যতম ব্যস্ত ঘড়ি মোড় সংলগ্ন এলাকায় বিদ্যুতের তার ও বাজার এলাকার ছাদের উপর ঘন লতা-পাতা ছড়িয়ে পড়েছে। রাতের অন্ধকারেও সবুজ লতায় ঢেকে থাকা বিদ্যুতের তার ও দোকানপাটের দৃশ্য শহরের অপরিচ্ছন্নতার এক স্পষ্ট চিত্র তুলে ধরেছে। এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যুতের তার ও বাজার এলাকার উপরে লতা-গুল্ম বেড়ে উঠলেও তা পরিষ্কার করার উদ্যোগ দেখা যাচ্ছে না। বর্ষাকালে এই ধরনের অবহেলা বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়া, শর্ট সার্কিট কিংবা দুর্ঘটনার আশঙ্কাও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন অনেকেই।

ঘটনাকে কটাক্ষ করে কবি তথা অবসরপ্রাপ্ত শিক্ষক শুভব্রত লাহিড়ী সামাজিক মাধ্যমে লেখেন, “আমাদের ঘড়ি মোড়ে বছরভর দুর্গা পূজা। Natural decoration. What the hell Electricity Board is doing?” তাঁর এই মন্তব্যকে সমর্থন করে বহু নেটিজেন ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, শহরের সৌন্দর্যায়ন ও পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট দপ্তরগুলি কেন এতদিন বিষয়টি উপেক্ষা করে রয়েছে।

বাসিন্দাদের দাবি, দ্রুত বিদ্যুতের তারের উপর ছড়িয়ে থাকা লতা-গুল্ম পরিষ্কার করা হোক এবং শহরের প্রধান বাজার এলাকাগুলিতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো হোক। তাঁদের মতে, একটি জেলা সদর শহরের এমন চিত্র কোনওভাবেই কাম্য নয় এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।




