Explore

Search

July 15, 2026 7:54 am

IAS Coaching

বিএসএফের হীরক জয়ন্তীতে বাস্কেটবল প্রতিযোগিতার জাঁকজমকপূর্ণ সমাপ্তি, উপস্থিত বিশিষ্ট মানুষেরা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)-এর হীরক জয়ন্তী উপলক্ষে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত তিনদিনব্যাপী ‘স্পন্দন – স্পোর্টস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট’ বাস্কেটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য সমাপ্তি হল রবিবার রায়গঞ্জের মহেশপুরে অবস্থিত ৯১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ সদর দফতরে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ সেক্টর সদর দফতরের ডিআইজি দিনেশ কুমার এবং ৯১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ-এর কমান্ড্যান্ট রণবীর সিং ডোগরা। এছাড়াও বিএসএফের আধিকারিক, কেন্দ্রীয় বিদ্যালয় রায়গঞ্জ ও সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষ (SAI)-এর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ছিল ৮টি সিনিয়র এবং ৮টি জুনিয়র দল। টানা তিনদিন ধরে উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার পর ফাইনাল ম্যাচে সিনিয়র বিভাগে দ্য ইউথ স্কোয়ার, উত্তর দমদম ৬৬-৬৫ পয়েন্টের রুদ্ধশ্বাস ব্যবধানে পি.বি.ডি.বি.এ, বর্ধমান-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে, জুনিয়র বিভাগের ফাইনালে হাই ৫ পরিবার, কলকাতা দুর্দান্ত খেলায় শ্রী শ্রী অ্যাকাডেমি, শিলিগুড়ি-কে ৭৭-২৮ পয়েন্টে হারিয়ে শিরোপা জিতে নেয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিআইজি দিনেশ কুমার বলেন, খেলাধুলা যুবসমাজের মধ্যে শৃঙ্খলা, দলগত মনোভাব এবং পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলে। বিএসএফ ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করে জাতীয় ঐক্য, শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানের শেষে ডিআইজি দিনেশ কুমার এবং ৯১ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট রণবীর সিং ডোগরা বিজয়ী ও রানার্স-আপ দলগুলির হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। উপস্থিত দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গণ।

Advertisement
Live Cricket Score
upskillninja