
#রায়গঞ্জঃ রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে আরও এক ধাপ এগোল রায়গঞ্জ রেলওয়ে স্টেশন। যাত্রী পরিষেবাকে আরও আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর করে তুলতে স্টেশনে একাধিক অত্যাধুনিক ডিজিটাল ব্যবস্থা বসানোর উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। এই খবরে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ছড়িয়েছে সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। রেল সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ রেলস্টেশনে তিনটি গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিষেবা চালু করার কাজ খুব শীঘ্রই শুরু হবে।

এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক কোচ ইন্ডিকেটর সিস্টেম, যার মাধ্যমে ট্রেনের কোন বগি প্ল্যাটফর্মের ঠিক কোন স্থানে দাঁড়াবে, তা আগেই জানতে পারবেন যাত্রীরা। ফলে বয়স্ক, শিশু ও মহিলাদের ট্রেনে ওঠানামা অনেক সহজ হবে। এছাড়াও বসানো হবে ডিজিটাল অ্যানাউন্সমেন্ট সিস্টেম। এর ফলে ট্রেনের আগমন, প্রস্থান, প্ল্যাটফর্ম পরিবর্তনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা আরও স্পষ্ট ও উন্নত মানের শব্দে শোনা যাবে।

পাশাপাশি স্থাপন করা হবে ডিজিটাল ট্রেন ইনফরমেশন ডিসপ্লে, যেখানে ট্রেনের বর্তমান অবস্থান, আগমনের সম্ভাব্য সময়, ছাড়ার সময় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য রিয়েল-টাইমে প্রদর্শিত হবে। এতে যাত্রীদের বিভ্রান্তি অনেকটাই কমবে এবং যাত্রা হবে আরও সুবিধাজনক।

রেল সূত্রে আরও জানা গেছে, এই আধুনিক ডিজিটাল পরিষেবাগুলি স্থাপনের কাজ সম্পূর্ণ করতে প্রায় চার মাস সময় লাগবে। কাজ শেষ হলে রায়গঞ্জ রেলস্টেশন আরও আধুনিক ও যাত্রীবান্ধব রূপে আত্মপ্রকাশ করবে। স্থানীয় বাসিন্দা রমেন দাসের মতে, রায়গঞ্জ স্টেশনে এই ধরনের প্রযুক্তিনির্ভর পরিষেবা চালু হওয়া অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। এর ফলে শুধু স্থানীয় যাত্রীরাই নন, দূরদূরান্ত থেকে আসা যাত্রীরাও উপকৃত হবেন।

রায়গঞ্জের রেল পরিকাঠামোর উন্নয়নে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। শহরের বাসিন্দা অভিজিৎ বিশ্বাসের আশা, ভবিষ্যতেও স্টেশনে আরও আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত হবে এবং উত্তর দিনাজপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই রেলস্টেশন যাত্রী পরিষেবার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।






