Explore

Search

July 5, 2026 11:57 pm

IAS Coaching

রায়গঞ্জবাসীর জন্য সুখবর, ডালখোলা–রায়গঞ্জ–গাজল হাই স্পিড রেল লাইনের সার্ভের কাজ শুরু, জেলাজুড়ে আশার আলো

 

#রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর তথা রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসানের ইঙ্গিত মিলল। বহু প্রতীক্ষিত ডালখোলা–রায়গঞ্জ–গাজল নতুন রেল লাইনের সার্ভের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই খবর সামনে আসতেই জেলার সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

জানা গেছে, এর আগে এই রেল প্রকল্পের জন্য যে সার্ভে করা হয়েছিল, তা ঘণ্টায় ১১০ কিলোমিটার গতির ট্রেন চলাচল মাথায় রেখে পরিকল্পিত ছিল। কিন্তু বর্তমানে ভারতীয় রেলের আধুনিকীকরণের সঙ্গে সামঞ্জস্য রেখে ঘণ্টায় ১৫০ থেকে ১৮০ কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচলের উপযোগী রেলপথ নির্মাণের লক্ষ্য নিয়ে নতুনভাবে সার্ভে করা হচ্ছে।

এই গুরুত্বপূর্ণ সার্ভের দায়িত্ব পেয়েছে পায়োনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সি কোম্পানি। আধুনিক মানদণ্ডে রেলপথের নকশা প্রস্তুত ও প্রযুক্তিগত সমীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে।

জেলার রেল উন্নয়ন আন্দোলনের দীর্ঘদিনের পরিচিত মুখ অঞ্জন রায় জানান, “পুরনো সার্ভে ১১০ কিলোমিটার গতির জন্য করা হয়েছিল। এখন ১৫০ থেকে ১৮০ কিলোমিটার গতির ট্রেন চলাচলের উপযোগী করে নতুন ডিজাইনে সার্ভে শুরু হয়েছে। এটি রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরবাসীর কাছে অত্যন্ত আশাব্যঞ্জক খবর।”

এই নতুন রেলপথ বাস্তবায়িত হলে উত্তর দিনাজপুর জেলার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি বাণিজ্য, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন জেলার বাসিন্দারা।

উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চের সম্পাদক অঙ্কুশ মৈত্র বলেন, দীর্ঘদিন ধরে এই রেলপথের দাবিতে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ আন্দোলন চালিয়ে এসেছেন। সার্ভের কাজ শুরু হওয়ায় প্রকল্প বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেই মনে করা হচ্ছে। এখন জেলার মানুষের প্রত্যাশা, দ্রুত সার্ভে সম্পন্ন করে প্রকল্পটির অনুমোদন ও নির্মাণকাজ শুরু হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja