
#চন্দ্র নারায়ণ সাহাঃ তীব্র গরমের মধ্যে পথ চলতি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য নজির গড়ল কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাই স্কুলের এনএসএস (NSS) ইউনিটের ছাত্রছাত্রীরা। স্কুলের উদ্যোগে বুধবার শহরের বিভিন্ন এলাকায় পথচারী, শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা সরবত।

গরমের তীব্রতা যখন ক্রমশ বাড়ছে, তখন মানুষের তৃষ্ণা নিবারণে এগিয়ে আসে স্কুলের এনএসএস ইউনিট। ছাত্রছাত্রীরাই নিজের হাতে সরবত তৈরি করে পথ চলতি মানুষদের পান করান। এই উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া পড়ে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের এনএসএস ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রূদ্র প্রসাদ চৌধুরী, শুভ্র প্রকাশ বর্মন, অরিন্দম ঘোষ, মালবিকা মোদক-সহ একাধিক শিক্ষক-শিক্ষিকা। তাঁরা ছাত্রছাত্রীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন।

কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিৎ কুমার দত্ত বলেন, “তীব্র গরমে যাঁরা কাজের প্রয়োজনে বাইরে বের হচ্ছেন, তাঁদের পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে মানবিকতা, পরোপকার ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। মানুষ যদি মানুষের জন্য এগিয়ে আসে, তাহলে সমাজ আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে।”

উল্লেখ্য, সামাজিক কর্মকাণ্ডে কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাই স্কুলের এনএসএস ইউনিটের ভূমিকা নতুন নয়। এর আগেও ইউনিটের উদ্যোগে রক্তদান শিবির, লায়ন্স ক্লাবের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবির, ওষুধপত্র বিতরণ-সহ একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিনের সরবত বিতরণ কর্মসূচিও সেই ধারাবাহিকতারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের এই ধরনের মানবিক উদ্যোগ অন্যদেরও সমাজসেবামূলক কাজে উৎসাহিত করবে এবং আগামী প্রজন্মের মধ্যে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বোধ আরও শক্তিশালী করবে।




