Explore

Search

September 12, 2026 10:55 am

IAS Coaching

রিখটার স্কেলে ৫.৪ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গ-সিকিম সহ উত্তর-পূর্ব ভারত

#নিউজ বৃত্তান্তঃ রবিবার রাত ঠিক ১১টা ৬ মিনিটে আচমকাই ভূমিকম্পের জোরালো কম্পন অনুভূত হল সিকিম, সমগ্র উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায়। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। ঘরবাড়ি কেঁপে উঠতেই বহু মানুষ চিৎকার-চেঁচামেচি করতে করতে রাস্তায় বেরিয়ে আসেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটানের পুনাখা এলাকার প্রায় ৫ কিলোমিটার দূরে। কম্পনের প্রভাব শুধু ভারতেই সীমাবদ্ধ থাকেনি, প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, বাংলাদেশ, চীন এবং মায়ানমারেও অনুভূত হয়েছে বলে জানা গেছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয়। একইভাবে সিকিমের বিভিন্ন অংশেও ভূমিকম্পের তীব্রতা বেশ স্পষ্ট ছিল।

ভূমিকম্পের পর বহু মানুষ নিরাপত্তার খাতিরে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

ভূমিকম্পের জেরে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের পরে আফটারশকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja