
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলায় সক্ষম (SAKSHAM) সংস্থার উদ্যোগে সন্ত সুরদাস জয়ন্তী উপলক্ষে এক স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করা হল। অনুষ্ঠানে সন্ত সুরদাসের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি জেলার বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। দৃষ্টি প্রতিবন্ধী ও অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠান সমাজে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।

সন্ত সুরদাস, যিনি দৃষ্টিহীন হয়েও ভক্তিমূলক সাহিত্যে অমর অবদান রেখে গিয়েছেন, তাঁর আদর্শকে সামনে রেখেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন দৃষ্টিহীন শিল্পী পায়েল সাহা। তাঁর সঙ্গীত পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে সুরদাসের পদাবলী, ভজন ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিশেষ ছাত্র-ছাত্রীরাও নিজেদের প্রতিভার পরিচয় দিয়ে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে দর্শকদের প্রশংসা কুড়ায়।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপর্ণা বসু, অস্মিতা অধিকারী, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাম্মেল হক, স্পেশাল এডুকেটর৷ মুক্তা দত্তগুপ্ত ও অধ্যাপক দেবাশিস বিশ্বাস। বক্তারা তাঁদের বক্তব্যে বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের প্রতিভা ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন এবং সমাজকে তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে সক্ষম সংস্থার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা বিশেষ ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা পত্র, উপহার ও প্রশংসাপত্র তুলে দেন। এই সংবর্ধনা শুধু ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেনি, বরং সমাজকে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আরও সহানুভূতিশীল ও সহযোগিতামূলক হওয়ার বার্তাও দিয়েছে।






