Explore

Search

May 16, 2026 2:03 am

IAS Coaching

রায়গঞ্জ শহরের বুকে পরপর চুরি, আতঙ্কিত এলাকাবাসী

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ শহরে পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। বৃহস্পতিবার গভীর রাতে শহরের শক্তিনগর ও রমেন্দ্রপল্লী এলাকায় দু’টি পৃথক চুরির ঘটনা সামনে আসতেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, শক্তিনগর এলাকার বাসিন্দা অনিমা সরকারের বাড়িতে বৃহস্পতিবার রাতে তালা ভেঙে ভেতরে ঢুকে চুরি করে দুষ্কৃতীরা। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় অনিমা দেবী তাঁর ছেলে ও বৌমাকে নিয়ে শিলিগুড়ি গিয়েছিলেন। সেই সুযোগেই গভীর রাতে চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন অনিমা দেবীর মেয়ে ইতি সরকার।

তিনি বলেন, “আগেও এলাকায় ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে। তবে এত বড় চুরি এই প্রথম। বাড়ির লোক বাইরে থাকায় চোরেরা সুযোগ পেয়েছে। কেউ যদি রাতে বাড়িতে থাকত, তাহলে তারও ক্ষতি হতে পারত।” ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

অন্যদিকে, বুধবার রাতে রমেন্দ্রপল্লীর শনিমন্দিরের পিছনে অবস্থিত হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের ক্লাবঘরেও চুরি হয়েছে। অভিযোগ, তালা ভেঙে ভেতরে ঢুকে দুটি স্ট্যান্ড ফ্যান নিয়ে পালিয়েছে চোরেরা।

সংস্থার সম্পাদক পার্থ পাল জানান, এর আগেও একাধিকবার ওই ক্লাবঘরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশকে আগেও জানানো হয়েছিল। তিনি বলেন, “বুধবার রাতে আমাদের ক্লাবঘর থেকে দু’টি স্ট্যান্ড ফ্যান চুরি হয়েছে। রায়গঞ্জ থানায় জানানো হলেও লিখিত অভিযোগ নেয়নি। তবে তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশ।” পরপর ২ রাতে শহরের দুই এলাকায় চুরির ঘটনায় উদ্বেগে স্থানীয়রা। রাতের নিরাপত্তা ও পুলিশের টহল বাড়ানোর দাবি তুলেছেন এলাকাবাসী।

Advertisement
Live Cricket Score
upskillninja