Explore

Search

May 16, 2026 2:06 am

IAS Coaching

লাগাতার বৃষ্টিতে বন্যার আশঙ্কা, স্কুল বিল্ডিংয়ে বন্যার্তদের রাখার সার্কুলার

#রায়গঞ্জঃ উত্তরবঙ্গ জুড়ে টানা বৃষ্টিপাত এবং নদীর জলস্তর বৃদ্ধির জেরে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করল প্রশাসন। শুক্রবার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) এক নির্দেশিকায় জেলার সমস্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।

নির্দেশিকায় বলা হয়েছে, বন্যা পরিস্থিতি তৈরি হলে বিভিন্ন স্কুল ভবনকে অস্থায়ী ত্রাণশিবির হিসেবে ব্যবহার করা হতে পারে। সেই কারণে স্কুলগুলির কক্ষ, পানীয় জল, শৌচাগার এবং বিদ্যুৎ ব্যবস্থার উপর বিশেষ নজর রাখতে বলা হয়েছে। প্রয়োজন পড়লে যাতে দ্রুত বন্যার্ত মানুষদের সেখানে আশ্রয় দেওয়া যায়, তার জন্য স্কুল কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

মালঞ্চা হাই স্কুলের প্রধান শিক্ষক অজয় কুমার রায় বলেন, আগাম অর্ডার পেয়েছি। এতে স্কুল ভবনের নিরাপত্তা, গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ করতে সুবিধা হবে।

জেলা প্রশাসন সূত্রে খবর, আবহাওয়া দফতরের ভারী বৃষ্টির পূর্বাভাস এবং বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কার কারণেই এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে নিচু এলাকা এবং নদী সংলগ্ন অঞ্চলে নজরদারি বাড়ানো হয়েছে।

এই নির্দেশিকার পর স্বাভাবিকভাবেই জেলার স্কুল মহলে তৎপরতা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, আগাম প্রস্তুতি নেওয়া হলে দুর্যোগের সময় সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja