Explore

Search

May 14, 2026 12:06 pm

IAS Coaching

জলাতঙ্ক মুক্ত সমাজ গড়তে পথ কুকুর ও বিড়ালের নির্বীজকরণ এবং প্রশিক্ষণ

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ পথ কুকুর ও বিড়ালের সংখ্যা নিয়ন্ত্রণ এবং জলাতঙ্কমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে রবিবার একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হল উত্তর দিনাজপুরে। উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালসের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিকাশ বিভাগের ডঃ রাকেশ মণ্ডল, ডঃ সুভাষচন্দ্র চৌধুরী ও ডঃ পায়েল চ্যাটার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া সহ অন্যান্য সদস্যরা।

কর্মশালায় মূলত পথ কুকুর ও বিড়ালের নির্বীজকরণ প্রক্রিয়া নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। সংস্থার সঙ্গে যুক্ত প্যারাভেট, ভেট অ্যাসিস্ট্যান্ট, অ্যানিম্যাল হ্যান্ডলার ও পশুপ্রেমীদের শেখানো হয় কীভাবে নির্বীজকরণের আগে পশুগুলিকে প্রস্তুত করতে হবে এবং অপারেশনের পর তাদের যত্ন, ওষুধ ও খাবারের ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত চিকিৎসকরা।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাস থেকেই পথ কুকুর ও বিড়ালের নির্বীজকরণ কর্মসূচি শুরু করা হবে। এই কাজে প্রাণিসম্পদ বিকাশ বিভাগ সহযোগিতা করছে। পাশাপাশি রায়গঞ্জের মেহেন্দি গ্রামে একটি অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল সেন্টারও গড়ে তোলা হয়েছে।

সংস্থার দাবি, পৌরসভা ও পঞ্চায়েতের সহযোগিতা মিললে এই কর্মসূচি ধারাবাহিকভাবে চালানো সম্ভব হবে। রায়গঞ্জে পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ ও জলাতঙ্কমুক্ত এলাকা গড়ে তোলাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

Advertisement
Live Cricket Score
upskillninja