
#নিউজ বৃত্তান্তঃ তীব্র গরম ও ক্রমবর্ধমান তাপপ্রবাহের জেরে বড় সিদ্ধান্ত নিল ছত্তিশগড় রাজ্য সরকার। আগামী ২০ এপ্রিল থেকে ১৫ জুন ২০২৬ পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুলে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। মোট ৫৭ দিনের এই দীর্ঘ ছুটির খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা।

এই বিষয়ে বিষ্ণু দেও সাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট করে জানান, তীব্র গরমের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে গ্রীষ্মকালীন ছুটি পূর্বনির্ধারিত সময়ের আগেই বাড়িয়ে ২০ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত করা হল।”

গত কয়েকদিন ধরে ছত্তিশগড়ের একাধিক জেলায় তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দফতরের সতর্কতা এবং তাপপ্রবাহের সম্ভাবনার কথা বিবেচনা করেই এই পদক্ষেপ বলে জানিয়েছে প্রশাসন। বিশেষজ্ঞদের মতে, এই ভয়াবহ গরম ছোট ছোট শিশুদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

এদিকে, প্রচণ্ড গরমে কার্যত হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। দিনের বেলায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়াই দায় হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলেই মনে করছেন অভিভাবক মহল।

সরকারের এই পদক্ষেপে ছাত্রছাত্রীদের সুরক্ষা যেমন নিশ্চিত হবে, তেমনই কিছুটা হলেও স্বস্তি মিলবে পরিবারগুলির। এখন সকলের অপেক্ষা, কবে তাপমাত্রা কিছুটা কমবে এবং স্বস্তির বৃষ্টি নামবে।






