#মালবাজার: প্রকৃতির ডাকে সারা দিতে চাবাগানের ভিতরে ঢুকতেই চিতাবাঘের হামলায় জখম হলো এক কিশোর। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানে। সোনম ওরাও(১৬) নামের কিশোরের বর্তমানে চিকিৎসা চলছে মালসুপারস্পেশালিটি হাসপাতালে। এই খবর পাওয়া মাত্রই প্রচার ছেড়ে ছুটে আসেন তৃণমূলের নাগরাকাটা বিধানসভার প্রার্থী সঞ্জয় কুজুর। তিনি ঐ কিশোরকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানোর পাশাপাশি তার পাশে থাকার আশ্বাস দেন।

জানাগেছে, গত দুইদিন আগে ঐ কিশোর বামনডাঙ্গা চাবাগানের ডায়না লাইনে তার জামাইবাবু সেবক মানকি মুন্ডার বাড়িতে বেড়াতে আসে। এদিন পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। ঐ কিশোর সেই বিয়ে বাড়িতে গিয়েছিল। সেই সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে সোনম পাশেই চাবাগানে ঢুকে ছিল। সেই সময় চাবাগানের ঝোপের মধ্যে লুকিয়ে ছিল এক চিতাবাঘ। কিশোরটি ঢুকতেই পিছন দিক থেকে তার উপর ঝাপিয়ে পড়ে। তার পিঠে কামড়ে দেয় চিতাবাঘটি।

এছাড়াও তার শরিরের বিভিন্ন অংশে আচড় দেয়। নিজেকে কোনভাবে ছাড়িয়ে ওই কিশোর তার প্রাণ বাচায়। সেই সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। কিশোরের পরিবারের অভিযোগ স্থানীয় পঞ্চায়েতদের কাছে সাহায্য চেয়েও পাওয়া যায় নি।এরপরই তারা সঞ্জয় কুজুরের সাথে যোগাযোগ করেন। তারপর নিয়ে আসে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে। সেখান তার প্রাথমিক চিকিৎসার পর তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।বর্তমানে ওই কিশোরের অবস্থা স্থিতিশীল।








