
#রায়গঞ্জঃ সামনেই পশ্চিমবঙ্গ বিধানসভার হাই ভোল্টেজ নির্বাচন। SIR, দুর্নীতি, চাকরি বাতিল সহ একাধিক ইস্যুতে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত, তখন নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে কড়া অবস্থান নিল প্রশাসন। ভোটকর্মী প্রশিক্ষণে গরহাজির থাকার ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করলেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)।

জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর সূত্রে জানা গেছে, নির্ধারিত দিনে অনুষ্ঠিত ভোটকর্মী প্রশিক্ষণে বহু শিক্ষক ও শিক্ষা কর্মী অনুপস্থিত ছিলেন। প্রাথমিক স্কুলের মোট ৩১৬ জন, হাই স্কুলের ২৯৪ জন এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৬৬ জন ভোটকর্মী প্রশিক্ষণে অনুপস্থিত ছিলেন। সরকারী কর্মচারী মিলিয়ে ১০৫৩ জন ভোটকর্মী প্রশিক্ষণের দিন অনুপস্থিত ছিলেন।

বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে, যারা প্রশিক্ষণে অনুপস্থিত ছিলেন, তাদেরকে দ্রুত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে হবে। মালঞ্চ হাই স্কুলের প্রধান শিক্ষক অজয় কুমার রায় বলেন, মোদ্দাকথা হলো, বৈধ মেডিক্যাল গ্রাউন্ড, ট্রান্সফার ছাড়া কোন যুক্তি টিকবে না। ডিউটি করতেই হবে, ইলেকশন কমিশন কোন কঠিন পদক্ষেপ নিলে ডি আই অফিস কিছু করতে পারবে না।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভোটের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক কর্তব্য। সেই দায়িত্ব পালনে গাফিলতি বরদাস্ত করা হবে না। বিনা কারণে প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হবে।

এদিকে, নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই জেলায় জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। ভোটকর্মীদের প্রশিক্ষণ, বুথ পরিকাঠামো খতিয়ে দেখা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার—সব দিকেই নজর রাখছে প্রশাসন। প্রশাসনের এই কড়া অবস্থানের ফলে ভোটকর্মীদের মধ্যে সচেতনতা বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এখন দেখার, আগামী দিনে প্রশিক্ষণে উপস্থিতির হার কতটা বৃদ্ধি পায়।






