
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জের বহু দিনের দাবি পূরণের পথে এগোতেই রায়গঞ্জবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে যে, এবার থেকে দূরপাল্লার ট্রেন— রাধিকাপুর এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেসসহ রাধিকাপুর–আনন্দ বিহার এক্সপ্রেস—১ নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়াতে পারে। এমন আশায় বুক বাঁধছেন শহরের বাসিন্দারা।

উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চের সাধারণ সম্পাদক অঙ্কুশ মৈত্র বলেন, “এটা আমাদের বহু দিনের দাবি। দিন দশেক আগে আমরা ডিআরএম-এর সঙ্গে দেখা করে দাবিপত্র তুলে দিই। তিনি প্রতিশ্রুতি দেন, দ্রুত ১ নম্বর প্ল্যাটফর্মের বৈদ্যুতিকরনের কাজ সম্পূর্ণ হবে।” তিনি আরও জানান, “রবিবারই কাজ শেষ হয়েছে। তাই আশা করছি খুব শীঘ্রই, প্রয়োজনে আজ থেকেই, রাধিকাপুর এক্সপ্রেসসহ সকল দূরপাল্লার ট্রেন ১ নম্বর প্ল্যাটফর্মেই থামবে।”

রেলের পরামর্শদাতা কমিটির সদস্য অতনু বন্ধু লাহিড়ী বলেন, “অনেক দিন ধরেই দাবি করে যাচ্ছিলাম ১ নম্বর প্ল্যাটফর্মকে নিয়মিত ব্যবহারযোগ্য করার। কারণ ২ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম থাকায় একাধিক কোচ প্ল্যাটফর্মের বাইরে দাঁড়াত। এতে সাধারণ যাত্রী তো বটেই, বিশেষ করে প্রতিবন্ধী যাত্রীরা গুরুতর সমস্যায় পড়তেন। ১ নম্বর প্ল্যাটফর্ম সচল হলে সেই সমস্যা দূর হবে।”

তবে রায়গঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজার রাজু কুমার জানিয়েছেন, “কাটিহার ডিভিশন থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশ আসেনি। ডিআরএম দপ্তর থেকে নির্দেশ পেলেই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।” স্থানীয়রা আশা করছেন, নির্দেশ এলেই দূরপাল্লার ট্রেন থামানোর সিদ্ধান্ত কার্যকর হবে এবং রায়গঞ্জ স্টেশনের যাত্রীসুবিধা এক ধাপ এগোবে।








