
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ নেশা মুক্ত জেলা গড়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে ও রায়গঞ্জ ব্লক প্রশাসনের ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত হল এক বিশেষ অঙ্কন প্রতিযোগিতা। রায়গঞ্জ ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের সদস্যাদের অংশগ্রহণে পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এ দিন অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক কামাল উদ্দিন আহমেদ। পাশাপাশি ছিলেন রায়গঞ্জ ব্লকের দুই যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত সাহা ও অনুপ পোদ্দার। তাঁদের উপস্থিতিতে প্রতিযোগিতার গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।

সমাজকর্মী প্রসেনজিৎ সেন বলেন,
প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল সমাজকে নেশার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা এবং কন্যাশ্রীদের মাধ্যমে পরিবার ও সমাজে নেশামুক্তির বার্তা পৌঁছে দেওয়া। বিডিও তাঁর বক্তৃতায় জানান, “নেশা তার পথ যা কিছু পায় সব কিছুকেই ধ্বংস করে দেয়। তাই এখনই সময়, আমরা সকলে মিলে নেশা মুক্ত সমাজ গড়ে তুলি।”

অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে মেয়েরা রঙ-তুলিতে এঁকে তোলে নেশার কুফল ও সুস্থ সমাজ গঠনের বার্তা। উপস্থিত সকলেই এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আরও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।








