Explore

Search

June 21, 2026 10:15 pm

IAS Coaching

নতুন বাসস্ট্যান্ড নির্মাণে এমপির তহবিলের প্রয়োজন নেইঃ সন্দীপ

 

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল কিছুদিন আগে রায়গঞ্জ পৌরসভাকে চিঠি দিয়ে জানান, শহরের ৩ নম্বর ওয়ার্ডে শিলিগুড়ি মোড়ে প্রস্তাবিত নতুন পৌর বাসস্ট্যান্ড নির্মাণের কাজের জন্য তিনি তাঁর সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা বরাদ্দ করতে ইচ্ছুক। কিন্তু এদিন সেই চিঠির উত্তরে অর্থ সাহায্যের প্রয়োজন নেই বলে জানালেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস।

পৌরসভার পক্ষ থেকে সেই চিঠির পরিপ্রেক্ষিতে এদিন সাংসদকে জানানো হয়েছে যে,এই প্রস্তাবিত নতুন বাসস্ট্যান্ডের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রয়োজনীয় জমি প্রদান করেছে এবং নির্মাণ ও উন্নয়নকার্যের জন্যও রাজ্য সরকারের তরফে অর্থ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। ফলে এই প্রকল্পে সাংসদ তহবিল থেকে অতিরিক্ত অর্থের প্রয়োজন নেই বলেই পৌরসভার চিঠিতে পরিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, পৌরসভার পক্ষ থেকে সাংসদকে অবহিত করা হয় শহরের বেশ কয়েকটি জরুরি সমস্যার বিষয়ে, সেন্ট্রাল মার্কেট সংলগ্ন এলাকা দিয়ে রেল দপ্তরের জমির ওপর যে রাস্তা রয়েছে, তার বেহাল অবস্থা ও দীর্ঘদিনের অবহেলায় পড়ে রয়েছে। ঐ এলাকায় ড্রেনেজ ব্যবস্থার সম্পূর্ণ অভাব। এছাড়াও রাশগঞ্জ স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন যে রাস্তা রাজ্য সরকারের অর্থে রায়গঞ্জ পৌরসভা নির্মাণ করেছে, তার পূর্বদিকে পুরনো ৩৪ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত রেলের জায়গায় থাকা নয়নজলী-সংলগ্ন ড্রেনের অব্যবস্থা ও অবহেলায় পড়ে আছে।

এই বিষয়গুলিতে রেলের হস্তক্ষেপ ও সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে সাংসদের সাহায্য চাওয়া হয়েছে বলে পৌরসভার সূত্রে জানা গেছে। পৌরসভার দাবি, নতুন বাসস্ট্যান্ডের অর্থ বরাদ্দের চেয়ে শহরের রেল-ঘেঁষা গুরুত্বপূর্ণ পথ ও ড্রেনেজ সমস্যার সমাধান এখন অধিক জরুরি। এখন দেখার বিষয় এই যে, সাংসদ কার্তিক চন্দ্র পাল কি সিদ্ধান্ত নেন।

Advertisement
Live Cricket Score
upskillninja