Explore

Search

June 21, 2026 10:15 pm

IAS Coaching

বুমরাহ ঝড়ে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা

#আনন্দ ব্যানার্জি, কলকাতা: ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের প্রথম দিনে চালকের আসনে টিম ইন্ডিয়া। আজ দিনের শুরুতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। দুই ওপেনার এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে। তবে তাদের ওপেনিং জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ব্যক্তিগত ২৩ (২২) রানের মাথায় জসপ্রীত বুমরাহর একটি দুর্দান্ত বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান রায়ান রিকেলটন।

এরপরই খুব দ্রুত দুটি উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে বেকায়দায় ফেলে দেয় ভারত। মার্করাম ৩১ (৪৮) রানে বুমরাহর বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে এবং অধিনায়ক টেম্বা বাভুমা মাত্র ৩ (১১) রানে কুলদীপ যাদবের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান। এরপরে মুল্ডার এবং টনি জর্জি কিছুটা রান তোলেন কিন্তু ভারতের বোলিংয়ের দাপটের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি তারা। লাঞ্চের পরেই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। কুলদীপ যাদব ২টি, মহম্মদ সিরাজ ২টি ও অক্ষর প্যাটেল ১টি করে উইকেট পান। অন্যদিকে ১৪ ওভার বল করে মাত্র ২৭ রানের বিনিময় ৫টি উইকেট তুলে নেন ভারতের পেস আক্রমণের মূল স্তম্ভ জসপ্রীত বুমরাহ।

১৫৯ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। অন্যদিকে ভারত তাদের প্রথম ইনিংসের শুরুতেই একটি উইকেট হারায়। মার্কো জ্যানসেনের বলে মাত্র ১২ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান যশস্বী জয়সওয়াল। কে এল রাহুল অপরাজিত ১৩ এবং ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত রয়েছেন। দিনের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩৭ রান। এই মুহূর্তে অ্যাডভান্টেজ ভারতের। আগামীকাল খেলার দ্বিতীয় দিন, ইডেনের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় থাকবে আরো কিছু অনবদ্য পারফরম্যান্সের।

৬ বছর পর ইডেনে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ, তাই এই খেলার ফলাফলের দিকে তাকিয়ে থাকবেন সমগ্র ক্রীড়া জগৎ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত ৬১.৯০ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছে। ৫০ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে পঞ্চম স্থানে। তাই এই সিরিজ দুজনের কাছেই সমান গুরুত্বপূর্ণ। ইডেনের ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে থাকবেন এই সিরিজে তাদের সমর্থিত দলের প্রথম জয়ের অপেক্ষায়।

Advertisement
Live Cricket Score
upskillninja