Explore

Search

August 10, 2026 4:41 am

IAS Coaching

শিক্ষা প্রতিমন্ত্রীর হাতে শেরশাবাদিয়া বিকাশ পরিষদের স্মারকলিপি

#রায়গঞ্জঃ বুধবার রায়গঞ্জ ব্লকের আল ইসলাহ কাচনাবাড়ি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে, শেরশাবাদিয়া বিকাশ পরিষদের উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জ ব্লক কমিটির পক্ষ থেকে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের হাতে এক স্মারকলিপি তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। তাঁকে হাতে পেয়ে শেরশাবাদিয়া বিকাশ পরিষদের নেতৃত্ব তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া লিখিত আকারে মন্ত্রীর কাছে জমা দেন।

পরিষদের পক্ষ থেকে জানানো হয়, গত ৮ই মে পশ্চিমবঙ্গ কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস ২৬টি অত্যন্ত অনগ্রসর মুসলিম শ্রেণীকে OBC-A থেকে OBC-B শ্রেণিতে স্থানান্তর করেছে, যা সাচার কমিটি রিপোর্ট (২০০৫) ও কুন্ডু কমিটি রিপোর্ট (২০১৫)-এর চেতনার পরিপন্থী।

সংগঠনের সদস্য তথা শিক্ষক মনসুর আলীর বক্তব্য, শেরশাবাদিয়া সম্প্রদায় পশ্চিমবঙ্গের অন্যতম দরিদ্র ও সামাজিকভাবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী। তারা মূলত মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের মতো রাজ্যের দরিদ্রতম জেলাগুলিতে বসবাস করে। গাঙ্গেয় ভাঙনে জমি হারিয়ে এদের অধিকাংশই দৈনিক মজুরি বা অনিশ্চিত, নিম্ন আয়ের পেশার উপর নির্ভরশীল। ফলে OBC-A থেকে OBC-B তে স্থানান্তর শিক্ষায়, কর্মসংস্থানে ও সরকারি কল্যাণমূলক প্রকল্পে সংরক্ষিত সুযোগ পাওয়ার ক্ষেত্রে তাদের প্রবলভাবে পিছিয়ে দেবে এবং দারিদ্র্যের চক্রকে আরও স্থায়ী করবে। অন্যদিকে, তারা অভিযোগ করেছেন যে, তুলনামূলকভাবে উন্নত কিছু সম্প্রদায়কে উল্টে OBC-A শ্রেণিতে উন্নীত করা হয়েছে, যা সামাজিক ন্যায্যতার পরিপন্থী।

পরিষদের মূল দাবি হলো —
১. শেরশাবাদিয়া সম্প্রদায়কে পুনরায় OBC-A শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হোক।
২. শেরশাবাদিয়া উন্নয়ন ও সাংস্কৃতিক বোর্ড গঠন করা হোক।
৩. শেরশাবাদিয়া ভাষা একাডেমি প্রতিষ্ঠা করা হোক।
৪. এবং এই জনজাতিকে ভূমিপুত্রের স্বীকৃতি দেওয়া হোক।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরশাবাদিয়া বিকাশ পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আরাফাত আলি, কেন্দ্রীয় কমিটির সদস্য মনসুর আলি, রায়গঞ্জ ব্লক সভাপতি আতিউর রহমান প্রমুখ। মন্ত্রী তাঁদের দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং আশ্বাস দেন যে বিষয়টি সরকারের কাছে যথাযথভাবে উপস্থাপন করা হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja