
#মালবাজার: বহুদিনের প্রত্যাশা শেষমেশ পূরণ হল চা-বাগান এলাকার মানুষের। সোমবার বিকেলে মাল ব্লকের বাগরাকোটের দুটি চা-বাগানে নতুন স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির উত্তরকন্যা প্রশাসনিক ভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এই কেন্দ্রগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সোনালিতে একটি ক্রেশ হাউসেরও উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের সময়ে বাগরাকোট ফ্যাক্টরি লাইন প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মাল ব্লকের বিডিও রশ্মিদিপ্ত বিশ্বাস, বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাজেস ছেত্রী, জেলাপরিষদ এএ সদস্য সেলিনা ছেত্রী, মাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুশিল কুমার প্রসাদ সহ চা-বাগান এলাকার বহু বাসিন্দা।

এই স্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ায় খুশির হাওয়া গোটা অঞ্চলে। স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন এলাকার মানুষকে প্রাথমিক চিকিৎসার জন্য মালবাজার বা ওদলাবাড়ি যেতে হতো। এখন থেকে সেই পরিষেবা মিলবে হাতের নাগালে।

অঞ্চল সভাপতি রাজেস ছেত্রী বলেন,দীর্ঘদিনের আশা আজ পূরণ হল। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানাই। এখন থেকে চা-বাগানের মানুষ প্রাথমিক চিকিৎসার সুবিধা এখানেই পাবেন।” স্থানীয়দের মতে, এই স্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ায় চা-বাগান এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং দ্রুত চিকিৎসা সেবার সুবিধা মিলবে।








