
#রায়গঞ্জঃ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পথে নেমেছে সিপিএম। দলীয় নেতৃত্বের আহ্বানে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রতিবাদ মিছিল, ত্রাণ সংগ্রহ অভিযানের আয়োজন করা হয়।

সিপিএম নেতৃত্বের অভিযোগ, সরকারের তৎপরতার অভাবে দুর্গত এলাকায় এখনও অনেক মানুষ খাদ্য, বিশুদ্ধ জল ও আশ্রয়ের সংকটে রয়েছেন। স্থানীয় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

এদিন রায়গঞ্জ শহর এরিয়ার পক্ষ থেকে শহরের কলেজ মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত মিছিল করে কর্মী-সমর্থকরা। হাতে ব্যানার, প্ল্যাকার্ড, আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী সংগ্রহের আহ্বান জানান তারা। জেলা সিপিএম নেতৃত্বরা জানান, এটা রাজনৈতিক কর্মসূচি নয়, মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছি।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন ধরে উত্তরবঙ্গের প্রতিটি দুর্গত এলাকায় ত্রাণ শিবির, চিকিৎসা শিবির ও পুনর্বাসন সহযোগিতা কার্যক্রম চালানোর পরিকল্পনা নিয়েছে সিপিএম।









