
#রায়গঞ্জঃ চলতি শিক্ষাবর্ষ থেকেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজে এমবিবিএস স্তরে আরও ৫০টি আসন বৃদ্ধি পেল। ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) মেডিক্যাল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এই অনুমোদন জানায়।

এতদিন এখানে ১০০টি আসনে পঠনপাঠন চললেও এবার থেকে মোট ১৫০টি আসনে ভর্তি হবে পড়ুয়ারা। রায়গঞ্জ মেডিক্যালের সুপার তথা ভাইস প্রিন্সিপাল প্রিয়ঙ্কর রায় জানান, এনএমসি পরিকাঠামো খতিয়ে দেখে অনুমোদন দিয়েছে এবং ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। অর্থাৎ, এই শিক্ষাবর্ষ থেকেই প্রথম বর্ষে বাড়তি আসনের পড়ুয়াদের ভর্তি নেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ।

উল্লেখ্য, ২০১৮ সালে রায়গঞ্জ জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে সেখানে ১০০টি আসনে এমবিবিএস পঠনপাঠন শুরু হয়। আসনসংখ্যা সীমিত থাকায় প্রতিবছর রাজ্য ও বাইরের বহু পড়ুয়া এখানে ভর্তি হতে না পেরে বঞ্চিত হতেন।










