
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উৎসবের মরশুম এখনও শেষ হয়নি বাঙালির। দুর্গাপুজো, কালীপুজোর পর এবার শহরজুড়ে প্রস্তুতি ছট পুজোকে ঘিরে। রায়গঞ্জ শহরের বন্দরে অবস্থিত কুলিক নদীর ঘাটগুলো ইতিমধ্যেই দখল নিতে শুরু করেছেন পুণ্যার্থীরা।

কুলিকের পাথরমনি ঘাট থেকে শুরু করে বন্দর শ্মশান ঘাট, চৈতন্য ঘাট, খরমুজা ঘাট, আব্দুল ঘাট— সর্বত্রই এখন ছট প্রস্তুতির ব্যস্ততা। কেউ কোদাল দিয়ে ধাপ তৈরি করছেন, কেউ আবার কাঙ্ক্ষিত জায়গা ঘিরে রেখেছেন দড়ি ও খুঁটি পুঁতে। অনেকে আবার নিজেদের জায়গা পাহারা দিতেও শুরু করেছেন।

এক পুণ্যার্থী আশিস কর্মকার বলেন, “দশমীর পরদিন জায়গা চিহ্নিত করেছিলাম। কিন্তু এসে দেখি অন্য কেউ এসে খুঁটি পুঁতে দড়ি বেঁধে গেছে। তাই এবার নিজের জায়গা পাহারা দিতে হচ্ছে।”
আরেক পুণ্যার্থী গোপাল সাহা জানান, “এবার অনেক আগে থেকেই জায়গা দখল শুরু হয়েছে। তাই প্রতিদিন এসে ঘাট পাহারা দিচ্ছি।”

রায়গঞ্জ পৌরসভার স্থানীয় কো-অর্ডিনেটর তপন দাস জানান, “পুণ্যার্থীরা নিজেদের মতো জায়গা বেছে নিলেও ঘাট সংস্কারের দায়িত্ব নেয় পৌরসভা। প্রয়োজনে জায়গাগুলোর সঠিক বিন্যাসও পৌরসভা দেখে।”

তবে শুধুমাত্র ছট পুজোর দু’দিন নয়, সারা বছর কুলিকের ঘাট পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় পরিবেশ চিন্তক ত্রিদীপ্ত ঘোষ। তিনি বলেন, “যারা ছটে ঘাট দখল করছেন বা কুলিককে ভালোবাসেন, তারা রায়গঞ্জ পৌরসভার সহযোগিতায় সারা বছর নদীর পাড় পরিষ্কার রাখুন। এতে যেমন আবর্জনা ফেলা বন্ধ হবে, তেমনই কুলিকের পাড়ের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।”








