
#আলিপুরদুয়ারঃ ভয়ংকর বন্যার ধাক্কা কাটিয়ে অবশেষে আংশিকভাবে খুলে যাচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান। ১০ অক্টোবর থেকে উদ্যানের চারটি সাফারি গেটের মধ্যে চিলাপাতা, কোদালবস্তি এবং শালকুমার গেট পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে।

তবে এখনও জলদাপাড়ার মেইন সাফারি এন্ট্রান্স— মাদারিহাট হলং মেইন গেট আপাতত বন্ধই থাকছে। প্রবল বৃষ্টিপাত ও বন্যার জেরে ওই এলাকার রাস্তা ও সাফারি ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বনদপ্তরের আধিকারিকেরা।

জলদাপাড়ার ডিএফও প্রবীণ কাসোয়ান জানিয়েছেন, “পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক নিশ্চিত করেই হলং মেইন গেট খুলে দেওয়া হবে। আশা করা যায়, কয়েক দিনের মধ্যেই সেটিও পর্যটকদের জন্য উন্মুক্ত হবে।”

বন্যার কারণে সপ্তাহ খানেক বন্ধ ছিল জলদাপাড়ার সাফারি। ফলে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে বড়সড় ক্ষতির মুখে পড়েছিলেন পর্যটন ব্যবসায়ীরা। গেট খোলার খবরে তাই নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় গাইড, হোটেল মালিক ও জিপচালকেরা।









