
#ক্রিকেট ডেস্কঃ ভারতীয় ক্রিকেট ওয়ানডে দলে অধিনায়কত্বে এল বড় পরিবর্তন। নেতৃত্বের আসন হারালেন রোহিত শর্মা। আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিলেন শুভমন গিল। সহ অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে। তবে টিমে থাকছেন রোহিত ও বিরাট কোহলি দুজনেই।

বিশ্ব ক্রিকেটে সীমিত ওভারের অন্যতম সফল অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে ভারত খেলেছে ৫৬টি ম্যাচ, জিতেছে ৪২টিতে এবং হেরেছে মাত্র ১২টিতে। জয়ের হার দাঁড়িয়েছে ৭৬ শতাংশে। এই পরিসংখ্যানই প্রমাণ করে তাঁর অধিনায়কত্ব কতটা সফল ছিল। তবুও বোর্ডের সিদ্ধান্ত স্পষ্ট—আগামী বিশ্বকাপের জন্য নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে দায়িত্ব।

অন্যদিকে, শ্রেয়াস আইয়ারের সহ অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনে খুশি ক্রিকেটমহল। দলে সুযোগ পেয়েছেন আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার—অক্ষর প্যাটেল, কে এল রাহুল, নিতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদিপ সিং, হরষিত রানা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল ও যশস্বী যশওয়াল। তবে এই দলে জায়গা পাননি ঋষভ পন্থ ও জসপ্রিত বুমরা। ভারতের ঘরের মাঠে ১৯, ২৩ ও ২৯ অক্টোবর তিনটি ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এই সিরিজেই প্রথমবার গিলকে দেখা যাবে নেতৃত্বের আসনে।










